২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইয়ংবিয়ন' স্থাপনা বন্ধ করা নিয়ে ঝুলে আছে ছয় জাতি সংলাপ

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয় জাতি সংলাপ শনিবার তৃতীয় দিনের মতো আবারো শুরু হয়েছে। সামান্য অগ্রগতি চোখে পড়লেও উত্তর কোরিয়ার ‘ইয়ংবিয়ন’ পরমাণু স্থাপনা বন্ধের বিষয়টিতে ঝুলে গেছে আলোচনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 01:03 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সংলাপে ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে চীন। তাতে বলা হয়, ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার কার্যক্রম স্থগিত করলে উত্তর কোরিয়াকে জ্বালানি এবং অর্থনৈতিক সাহায্য দেবে দাতা দেশগুলো।

তবে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল জানিয়েছেন, একটি বিষয়ে সমস্যা থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে এই প্রস্তাবের শর্ত অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে উত্তর কোরিয়া তার ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কার্যক্রম বন্ধে সম্মত হবে কিনা।

“এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা আমি মনে করি না। কিন্তু উত্তর কোরিয়াকে তো আপনারা জানেন। কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা নয়, কিছুই তাই বলা যায় না”। তৃতীয় দিনের আলোচনায় বসার আগে সাংবাদিকদের একথা বলেন হিল।

শনি ও রোববারের আলোচনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি শান ইয়াং উ। তিনি বলেন, “এটা সত্য যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ধীরে ধীরে কমে আসছে। তবে সবকিছু ঠিকঠাকমতো শেষ না হওয়া পর্যন্ত কোন কিছইু বলা যাচ্ছে না”।

জাপানের প্রতিনিধি কেনিশিরো সাসাই সংলাপের সফলতা সম্পর্কে সাংবাদিকদের বলেন, “সব পক্ষই মতৈক্যে পৌঁছাতে চাচ্ছে। এখন দরকার যথাযথ চেষ্টা ও উদ্যোগ এবং সর্বোপরি আন্তরিকতা।”

তবে উত্তর কোরিয়াকে জ্বালানী ও অর্থ সাহায্য দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারী দেশগুলো কিভাবে কাজ করবে সে বিষয়ে জোর দিয়ে একটি সংশোধিত প্রস্তাব উত্থাপনের জন্য চীনের কাছে অনুরোধ জানিয়েছেন  রাশিয়ার প্রতিনিধি আলেক্সান্দার লোসিয়ুকভ।

এছাড়া, দুই পৃষ্ঠার একটি যৌথবিবৃতির মধ্য দিয়ে ছয় জাতি সংলাপ শেষ হবে জানান তিনি। পাশাপাশি এটাও বলেন, “ওই বিবৃতির বিষয়ে উত্তর কোরিয়া যথেষ্ট সতর্ক এবং উদ্বিগ্ন রয়েছে”।

এর আগে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের লক্ষ্যে তিন বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনা বেশ কয়েকবার শুরু হয়ে কোন ফলপ্রসূ পরিণতি ছাড়াই শেষ হয়।

তবে এবার একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণকারী দুই কোরিয়াসহ যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা।