'ইরান নিজের পায়ে নিজেই কুড়াল মারছে'
পরমাণু কর্মসূচি অব্যাহত রেখে ইরান নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এ মন্তব্য যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নসের।
শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিকোলাস বার্নস সাংবাদিকদের বলেন, “এটা স্পষ্ট যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায়। এর ফলে দেশটি বিশ্বে একঘরে হতে চলেছে। হাতে গোনা কয়েকটি দেশই এখন ইরানের পক্ষে রয়েছে।”
ইরান যদি নাতাঞ্জে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তবে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে আলোচনায় বসতে রাজি- এমন প্রস্তাব ২০০৬ সালের জুনে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের মনোভাব এখনো সেরকমই আছে বলে জানান নিকোলাস বার্নস।
তিনি আশ্বস্ত করেন, আলোচনায় এলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
যুক্তরাষ্ট্র বলে আসছে, ইরানে সরাসরি অভিযানের কোনো পরিকল্পনা তাদের নেই। তারা কূটনৈতিক পন্থায়ই সমস্যার সমাধান চায়।
