ব্রিটেনে ৫ মুসলিম সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ইরাক যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ মুসলিম সেনাদের ওপর প্রতিশোধ নিতে সশস্ত্রবাহিনীর এক সদস্যকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করার অভিযোগে শুক্রবার পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এদের মধ্যে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয় ৩৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পারভেজ খানের বিরুদ্ধে। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত অন্যান্য অপরাধে চার্জ গঠন করা হয়েছে এমন চারজন হলেন মোহাম্মদ ইরফান (৩০), আমজাদ মাহমুদ (৩১), জহুর ইকবাল (২৯) ও হামিদ ইলাসমার (৪৩)।
এ পাঁজনের সবাইকেই দেড় সপ্তাহ আগে বার্মিংহামের সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আটক করা হয়। সে সময় মোট নয়জনকে আটক করেছিল ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশ। অভিযুক্তদের সবাইকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
ব্রিটেনের পত্র - পত্রিকা জানায়, ইরাকি জঙ্গিদের কৌশল অনুসরণে হত্যার সময় ভিডিও ধারণ করে ইন্টারনেটে ওই ভিডিওচিত্র ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এ দলটি।
এ প্রসঙ্গে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সন্ত্রাসবাদবিরোধী শাখার প্রধান সু হেমিং বলেন, “সশস্ত্র বাহিনীর এক সদস্যকে অপহরণ করে হত্যার পরিকল্পনা কার্যকর করার চেষ্টার অপরাধে অভিযোগ দায়ের করা হয়েছে পারভেজ খানের বিরুদ্ধে।”
সন্ত্রাসবাদের কাজে ব্যবহারের জন্য বিভিন্ন দ্রব্য সরবরাহ এবং সন্ত্রাসবাদের জন্য তহবিল সংগ্রহে যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল ডেভিড শ জানান, আটক সন্দেহভাজনদের আবাসস্থল এবং অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে হানা দিয়ে কম্পিউটার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে চার হাজার বিভিন্ন দ্রব্য জব্দ করেছে পুলিশ।
ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহাম বহু জাতিসত্ত্বার ও বহু সংস্কৃতির মানুষের আবাস হিসেবে পরিচিত। এখানকার উল্লেখযোগ্য সংখ্যক অধিবাসী মুসলিম। তবে আটকাভিযানের সময় স্থানীয় অধিবাসীরা দারুণ সহযোগিতা করেছে বলেও জানান ডেভিড শ।
