নেপালের মুদ্রায় রাজার পরিবর্তে এভারেস্ট
সব ক্ষমতা তো আগেই হারিয়েছিলেন। এখন কাগুজে মুদ্রা থেকেও সরে যেতে হচ্ছে নেপালের রাজা জ্ঞানেন্দ্রকে। প্রথম পর্যায়ে স্থান করে দিতে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে।
দেশটির অর্থমন্ত্রী রাম শরন মহাত শুক্রবার জানিয়েছেন, “১০ টাকার নেপালি নোটে এখন থেকে রাজার স্থানে ‘সাগরমাতার’ ছবি মুদ্রণের সিদ্ধান্ত হয়েছে।”
মাউন্ট এভারেস্টকে সাগরমাতা বলেই ডাকেন নেপালিরা।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ছবি বদলের সিদ্ধান্ত অনুমোদিত হয় বলে জানান অর্থমন্ত্রী মহাত। তিনি রয়টার্সকে বলেন, “একে একে অন্য মুদ্রাগুলো থেকেও রাজার ছবি অপসারিত হবে। সেখানে কীসের ছবি বসবে তার সিদ্ধান্ত পরে নেীয়া হবে।”
রাজাকে প্রতিস্থাপনের ক্ষেত্রে অবশ্য এভারেস্টে আগে ভাবনায় ছিল গৌতম বুদ্ধের ছবি। কিন্তু বৌদ্ধ ধর্মীয় কয়েকটি সংগঠনের আপত্তির মুখে সে ভাবনা আর আলোর মুখ দেখেনি।
