২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্রচারমাধ্যম নিয়ন্ত্রণে কমিউনিস্ট পার্টির নতুন উদ্যোগ

চীনে প্রচারমাধ্যমের ওপর আবার নতুন করে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এ লক্ষ্যে চালু করা হচ্ছে পয়েন্টভিত্তিক জরিমানা ব্যবস্থা। হংকঙের একটি সংবাদপত্র শুক্রবার একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমের ওপর কয়েক বছরের কিছুটা শিথিল নিয়ন্ত্রণের পর আবার শুরু হচ্ছে সরকারের কড়াকড়ি। দেশটির কমিউনিস্ট পার্টির প্রচারণা বিভাগ এজন্য একটি পয়েন্টভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছে।

এ ব্যবস্থায় একটি বিধিমালার সঙ্গে ১২ পয়েন্টের একটি ছাড়পত্র দেওয়া হবে প্রচারমাধ্যমকে। নীতিমালা ভঙ্গ কিংবা সীমা লঙ্ঘন করলে সরকারের প্রচারমাধ্যম নিয়ন্ত্রক বিভাগ এবং পার্টির প্রচারণা বিভাগ সেখান থেকে এক, তিন, ছয় কিংবা পুরো বারো পয়েন্ট কেটে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বন্ধ করে দিতে পারবে ওই প্রতিষ্ঠানটির প্রচার।

কিন্তু ঠিক কীভাবে এবং কোন অপরাধের জন্য কত পয়েন্ট কাটা যাবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।

চীনের কমিউনিস্ট পার্টি বরাবরই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চর্চা করে আসছে। তবে এ বছর ১৭তম পার্টি কংগ্রেস এবং আগামী বছরের অলিম্পিক গেমসের সময় প্রচারমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।