২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐকমত্যের সরকার গঠনে হামাস--ফাতাহর চুক্তি স্বাক্ষর

ঐকমত্যের সরকার গঠনের জন্য ফিলিস্তিনের বিবদমান দুটি দল হামাস ও ফাতাহ একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বৃহস্পতিবার সৌদি আরবের মক্কায় এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন জনগণ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 02:24 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সৌদি বাদশাহ আব্দুল্লাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত বৈঠকে স্বাক্ষরিত এ চুক্তির ফলে তাদের মধ্যেকার সহিংসতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ইসরায়েলের প্রতি হামাসের নেতিবাচক মনোভাবের ফলে বন্ধ হয়ে যাওয়া পশ্চিমা আর্থিক সাহায্য আবার চালু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ইসমাইল হানিয়াকে নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে আব্বাস এক চিঠিতে জানিয়েছেন নতুন এ সরকার আন্তর্জাতিক আইন অবশ্যই মেনে চলবে।

আব্বাস বলেন, “আমরা সফল হয়েছি এবং নতুন এক পথে চলতে শুরু করেছি। আমরা আশা করছি আমাদের দেশকে স্বাধীন করতে এ পথে এগিয়ে চলা অব্যাহত থাকবে।”

কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী নিরপেক্ষ দুই ব্যক্তি সাবেক সংস্কৃতি মন্ত্রী জিয়াদ আবু আমরকে পররাষ্ট্রমন্ত্রী ও সালাম ফায়াদকে অর্থমন্ত্রী করা হবে। একইসঙ্গে হামাসের কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হামুদা জেরওয়ানের নামও ঘোষণা করেছে।

উভয় পক্ষের মধ্যে এ চুক্তি হলেও পশ্চিমা দেশগুলো তাদের বন্ধ করে দেওয়া বৈদেশিক সাহায্য আবার দেওয়া শুরু করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফাতাহর এক কর্মকর্তা।

তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী চার পক্ষ এ চুক্তি মেনে নেবে না এবং তারা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করবে না।”

তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ইসমাইল হানিয়া।

হামাস নেতৃত্বাধীন বর্তমান সরকারের উপ প্রধানমন্ত্রী নাসের শায়ের রামাল্লায় বলেন, “ইউরোপীয় ইউনিয়ন এ চুক্তি মেনে নেবে বলে আমি বিশ্বাস করি। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে, এরকম চুক্তি গ্রহণ করা যেতে পারে।”

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট চুক্তিটিকে ‘কৌতূহলোদ্দীপক’ বলে উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, “আমাদের উচিত এসব প্রস্তাব সতর্কতার সঙ্গে বিবেচনা করা এবং তারপর ইউরোপসহ অন্যান্য সহযোগীর সঙ্গে আলোচনায় বসা।”

এদিকে ইসরায়েলের সরকারের মুখপাত্র মিরি এইসিন বলেন, “তারা চান ফিলিস্তিনির নতুন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের উত্থাপিত তিনটি দাবি মেনে নেবে এবং মেনে চলবে। এগুলো হলো ইসরায়েলকে স্বীকৃতিদান, আগের সব চুক্তি গ্রহণ এবং সবধরনের সন্ত্রাসী ও সহিংসতার নিন্দা জানানো।”

তবে ইসরায়েল ও মার্কিন দাবিগুলো মেনে নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ফিলিস্তিন উপ প্রধানমন্ত্রী নাসের শায়ের বলেন, “ইসরায়েলের সঙ্গে সমঝোতা? না। মার্কিনিরা তো নিজেদের স্বার্থ দেখবেই... কিন্তু আমরা আরব দেশগুলোর ওপর নির্ভর করছি। এ চুক্তি বাস্তবায়নে সৌদি আরবসহ অন্যান্য আরব দেশ সাহায্য করতে পারে।”