২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে: পিয়ংইয়ং

পরমাণু সঙ্কট কাটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। বেইজিংয়ে ছয় জাতি আলোচনার ফাঁকে শুক্রবার যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরীয় প্রতিনিধি কিম কাই গুয়ান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Feb 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বৈঠক শেষে তিনি বলেন, “কয়েকটি বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছেছি। তবে এখনো অনেক বিষয়ে মতভেদ রয়েছে। সুতরাং আলোচনা চলবে। কী পেয়েছি, কী পাইনি, তার হিসেব এখনই আমরা করতে চাই না।”

এদিকে জাপানের সংবাদ সংস্থা কিয়েদো জানায়, চীনের একটি খসড়া প্রস্তাব নিয়ে প্রথম দিনের বৈঠকে আলোচনা হয়। এতে দুই মাসের মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ করার বিপরীতে পিয়ংইয়ংকে জ্বালানি সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।

উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট নিয়ে বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হয় ছয় জাতি আলোচনা। বৈঠকে অংশ নিচ্ছে দুই কোরিয়াসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন।

উত্তর কোরিয়ার প্রতিনিধির কিম কাই গুয়ানের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, পরমাণু কর্মসূচি স্থগিতের বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার আপত্তি নেই।

তবে বৈঠকে যোগ দিতে বেইজিং রওনা হওয়ার আগ মুহূর্তে এবং বেইজিং পৌঁছে কিম সাংবাদিকদের বলেন, “এ আলোচনা থেকে পিয়ংইয়ঙের খুব বেশি প্রত্যাশা নেই। পুরো ব্যাপারটি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা এবং বৈরী নীতির পরিবর্তনের ওপরই নির্ভর করছে বৈঠকের সাফল্য।”

শুক্রবার দ্বিতীয় দিনের আলোচনা শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৮ মাস আমরা কিছুই করতে পারিনি। আলোচনা পুনরায় শুরু হয়েছে। আমরা এটা ধরে এগিয়ে যেতে চাই।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনবিসি টিভি জানায়, পরমাণু কর্মসূচি বন্ধ ও স্থাপনাগুলোয় জাতিসংঘ পরিদর্শক দলকে কাজ করায় সম্মতি দেওয়ার জন্য বৈঠকে উত্তর কোরিয়াকে প্রস্তাব দেওয়া হয়। এর বিনিময়ে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জ্বালানি সাহায্যের দাবি জানায়।

আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে জাপানের প্রতিনিধি কেনিচিরো সাসাই সাংবাদিকদের বলেন, “যে খসড়াটি উপস্থাপন করা হয়েছে তা চীনের তৈরি করা। এ নিয়ে সবাই আলোচনা করবে। সুতরাং এখনি এ বিষয়ে মন্তব্য করা কঠিন।”

খসড়া প্রস্তাবটি ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি চুন ইয়াং উ। আলোচনা বেশ ভালো ভাবে এগুচ্ছে-  এ কথা জানিয়ে এর বাইরে এখনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।