মন্ত্রিপরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ প্রশ্নে হামাস - ফাতাহ মতৈক্য
মন্ত্রিপরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগদান নিয়ে একমত হয়েছে বিবদমান দুই ফিলিস্তিন পক্ষ হামাস ও ফাতাহ। মক্কায় বৃহস্পতিবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ও হামাস নেতা খালেদ মেশালের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার আগে উভয় পক্ষের কর্মকর্তারা এসব বিষয়ে একমত হন বলে একাধিক ফিলিস্তিন সূত্র জানিয়েছে। (আরো তথ্যসহ)
জাতীয় ঐকমত্যের সরকার গঠনের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে বুধবার থেকে মক্কায় আলোচনা করছেন হামাস ও ফাতাহ নেতারা।
দুই পক্ষের কয়েকটি সূত্র জানায়, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীর পদে দুই নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা একমত হয়েছেন। এদের মধ্যে সাবেক সংস্কৃতিমন্ত্রী জিয়াদ আবু আমরকে পররাষ্ট্রমন্ত্রী পদে এবং সালাদ ফায়াদকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। ফায়াদ আগেও ওই পদে ছিলেন।
সূত্র আরো জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী পদেও আরেক নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হলেও কাকে নিয়োগ দেওয়া হবে সে ব্যাপারে একমত হতে পারেনি হামাস ও ফাতাহ নেতারা।
সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্রদূত জামাল আল - শোবাকি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর পদে হামাসের পক্ষ থেকে একজনের নাম প্রস্তাব করা পর্যন্ত ফাতাহ অপেক্ষা করবে। তবে উভয় পক্ষই এ ব্যাপারে একমত যে ওই পদে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।
গত বছর সাধারণ নির্বাচনে ফাতাহকে হারিয়ে ক্ষমতা নেওয়ার পর থেকে এ পদগুলোতে হামাস সদস্যরাই নিয়োগ পেয়েছিলেন। হামাস কর্মকর্তারা জানান, ফাতাহ পাঁচটি মন্ত্রণালয়ে এবং তারা শ্রম ও বিচারসহ আটটি মন্ত্রণালয়ে নিজেদের সদস্যদের নিয়োগ দেবেন।
তবে এ সিদ্ধান্ত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ও হামাস নেতা খালেদ মেশাল- এই তিনজনের কাছ থেকেই অনুমোদিত হতে হবে।
