২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে বেইজিংয়ে ছয় জাতি আলোচনা শুরু

 উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে বেইজিংয়ে ছয় জাতি আলোচনা পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হয়ে এ আলোচনা তিন থেকে চার দিন চলবে বলে ধারণা করা হচ্ছে। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 01:58 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এদিকে, জাপানের ‘আসাহি শিমবান’ পত্রিকা খবর ছাপা হয়েছে, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে এ খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল।

এবারের বৈঠকে দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলেই আশা করছেন অংশগ্রহণকারী ছয় দেশের প্রতিনিধিরা। উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি স্থগিত করতে সম্মত হলে দেশটিকে অর্থনৈতিক সহায়তা দান সংক্রান্ত একটি প্রস্তাব দিতে পারে অন্য দেশগুলো।

দুই কোরিয়াসহ যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও স্বাগতিক দেশ চীনের প্রতিনিধিরা সংলাপের জন্য নির্ধারিত স্থান পশ্চিম বেইজিংয়ে সমবেত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি চুন ইয়াং উ বলেন, “আলোচনার মধ্য দিয়ে একটি ফলাফল নিয়ে আসা দরকার। উত্তর কোরিয়ার উচিত হবে, সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে আসা।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল বলেন, “২০০৫ সালের সেপ্টেম্বরের চুক্তিটির পূর্ণ বাস্তবায়নে উত্তর কোরিয়াকে রাজি করাতে পারলেই নিজেদের সফল মনে করব আমরা”।

উত্তর কেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারকের খবর ভিত্তিহীন দাবি করে ক্রিস্টোফার হিল বলেন, “আমরা উত্তর কোরিয়ার সঙ্গে এ ধরনের কোন সমঝোতা করিনি”।

পত্রিকার খবরে বলা হয়, গত মাসে বার্লিনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।