মক্কায় হামাস - ফাতাহ দ্বিতীয় দিনের আলোচনা শুরু
জাতীয় ঐকমত্যের সরকার গঠনের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু করেছেন ফিলিস্তিনের বিবদমান দুটি পক্ষ হামাস ও ফাতাহ গ্র“পের নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফাতাহ নেতা জানান, আলোচনায় সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার কমিটি পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। শুক্রবার উভয় পক্ষের শীর্ষ নেতাদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে বলে তিনি জানান।
মক্কার মসজিদে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকের ভিডিও ফুটেজ সৌদি টেলিভিশনে সম্প্রচারিত হয়।
বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, “একটি জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার আলোচনার উদ্দেশ্যেই আমরা এসেছি। আর এটা ফিলিস্তিনি জনগণেরও চাওয়া। আমরা এমন একটি সরকার চাই, যা দেশের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরো বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা কয়েকটি অন্ধকারাচ্ছন্ন দিন অতিক্রম করেছি, স্রষ্টার কাছে প্রার্থনা সে দিনগুলো যেন আর ফিরে না আসে। আমরা আর রক্তপাত চাই না।”
হামাস নেতা খালেদ মেশাল বলেন, “গ্রহণযোগ্য একটি সমাধানের লক্ষ্য নিয়েই আমরা আলোচনায় এসেছি। তাই কোনো ধরনের সমঝোতা ছাড়া আমরা মক্কা ছাড়তে চাই না। আমরা চাই এর মধ্য দিয়ে ভ্রাতৃঘাতী সংঘাতের অবসান হবে।”
তিনি আরো বলেন, “যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের চাওয়ার প্রতি সম্মান দেখাবে এবং আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।”
তবে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া কোনো মন্তব্য করেননি।
প্রেসিডেন্ট আব্বাসের উপদেষ্টা নাবিল আমর জানিয়েছেন, আলোচনায় যৌথ সরকারের অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবে নির্দলীয় ব্যক্তিদের মনোনয়নে উভয় পক্ষ সম্মত হয়েছে। এটাই আলোচ্যসূটির প্রথম বিষয় ছিল বলে তিনি জানান।
দুই পক্ষের আলোচনায় সৌদি সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে সে দেশের পত্রিকাগুলো জানিয়েছে। তবে পশ্চিমা কূটনীতিবিদরা বলছেন, সৌদি বাদশাহর চাপের মুখেই হামাস আলোচনায় বসতে রাজি হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, একটি ঐক্যবদ্ধ সরকার গঠনই ফিলিস্তিতের বর্তমান সঙ্কট দূর করতে পারে। যদিও পশ্চিমা দেশগুলোর দাবি, আগে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে হামাসকে।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মঙ্গলবার ঘোষণা দেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিতে ১৯ ফেব্র“য়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রেজেভ জানিয়েছেন, সৌদি আরবের মধ্যস্থতায় ফিলিস্তিনের বিবদমান দুই পক্ষের আলোচনাকে তারা ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন।
