লেবানন - ইসরায়েল সীমান্তে গোলাগুলি
লেবানন -- ইসরায়েল সীমান্তে বুধবার রাতে গোলাগুলি হয়েছে। সীমান্তে টহলরত দুই দেশের সেনাদের মধ্যে এ গোলাগুলি হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েল -- লেবানন যুদ্ধের পর সীমান্তে নিয়মিত বাহিনী মোতায়েন করে লেবানন। এরপর এই প্রথম সেখানে গোলাগুলির ঘটনা ঘটল।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন শহর আভিভিমের কাছে নিরাপত্তা বেষ্টনীর কাছে সেনাদের লক্ষ করে বিনা উস্কানিতে ওপার থেকে লেবাননের সৈন্যরা গুলি ছোড়ে। ইসরায়েলের দাবি, সৈন্যরা হিজবুল্লাহ গেরিলাদের পেতে রাখা বোমার সন্ধানে ওই স্থানে কাজ চালাচ্ছিল।
ইসরায়েলের এক সেনা কর্মকর্তা বলেন, “আমরা তাদের গুলি না চালানোর জন্য অনুরোধ করলেও তারা গুলি ছুড়তে থাকে। তখন আমরাও পাল্টা জবাব দেই।” সীমান্ত অতিক্রমের কোনো ঘটনা তিনি অস্বীকার করেন।
এদিকে, লেবাননের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, “ইসরায়েলের একটি বুলডোজার দক্ষিণ লেবানন সীমান্ত দিয়ে ঢুকে পড়লে সতর্ক করে দিয়ে আমরা ফাঁকা গুলি ছুড়ি। তখন ওই পক্ষ থেকেও গুলি চালানো হয়”।
গোলাগুলিতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে লেবাননেন সামরিক বাহিনী।
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি বুলডোজার প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।”
তিনি আরো বলেন, “লেবানন এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ওই গোলাগুলিকে আমরা বড় ধরনের ঘটনা বলেই মনে করছি”।
ঘটনার পর থেকে দক্ষিণ লেবাননের আভিভিমে টহল জোরদার করেছে জাতিসংঘ বাহিনী।
সোমবার ওই সীমান্তে চারটি বিস্ফোরক উদ্ধারের পর ইসরায়েল আভিভিমসহ আশপাশের শহরগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
