ন্যাটো - তালেবান যুদ্ধের আশঙ্কায় মুসা কালা শহর ফাঁকা
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের মুসা কালা শহরটি পুনর্দখলে অভিযানে নামতে যাচ্ছে ন্যাটো বাহিনী। দখল বজায় রাখতে তালেবানরাও রণ প্রস্তুতি জোরদার করছে। আর দুই পক্ষের এই রণ সাজে শহর ছেড়ে যাচ্ছে আতঙ্কিত মানুষ।
মুসা কালা পুনর্দখলে খুব শিগগিরই ন্যাটো বাহিনী অভিযানে নামছে বলে জানিয়েছেন হেলমান্দ প্রদেশের গভর্নর হাজি আসাদুল্লাহ ওয়াফা। তিনি রয়টার্সকে বলেন, “একমাত্র তালেবানরাই শহরের বাসিন্দাদের জন্য সমস্যা তৈরি করছে।”
তবে শহরের নিয়ন্ত্রণ ধরে রাখায় তালেবানদের সামর্থ্য নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে তালেবানরা ব্যাপক অস্ত্র শস্ত্র মজুদ করেছে। মোতায়েন করেছে আরো যোদ্ধা। তালেবানদের অভিযোগ, কয়েকদিন আগে বিমান হামলায় তাদের নেতা মোল্লা গফুরের ভাইকে হত্যার মাধ্যমে তাদের সঙ্গে গত বছর স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করা হয়েছে।
তবে ন্যাটো কমান্ডার ও শহরের নেতারা বলছেন, ওই হামলা হয়েছে শহরের বাইরে, যা চুক্তির আওতার বাইরে।
আফগানিস্তানের ন্যাটো বাহিনীর নেতৃত্বে এখন রয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, পূর্বসূরী ব্রিটিশ জেনারেল ডেভিড রিচার্ডসের চেয়ে মার্কিন জেনারেল ড্যান ম্যাকনেইল তালেবানদের বিরুদ্ধে আরো আগ্রাসী মনোভাব নিয়েই যুদ্ধে নামবেন।
