ওয়াল মার্টের বিরুদ্ধে নারী কর্মীদের মামলা গ্রহণ
যুক্তরাষ্ট্রের খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান ‘ওয়াল মাটর্’র বিরুদ্ধে নারী কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে ২০০১ সালে মামলা করেছিলেন প্রতিষ্ঠানটির ছয় নারী কর্মী। অবশেষে মঙ্গলবার মামলাটি গ্রহণ করেছে সান ফ্রান্সিসকোর একটি আদালত। প্রতিষ্ঠানটির ১০ লাখেরও বেশি নারী কর্মী বিরুদ্ধে একই অভিযোগে মামলা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নারী অধিকার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ধরনের মামলা।
নারী কর্মকর্তা ও কর্মীদের কম বেতনে খাটানো এবং তাদের পদোন্নতি না দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
সত্যতার বিচারে মামলাটি গ্রহণযোগ্য- এর আগে ২০০৪ সালে এমন একটি রায় দিয়েছিলেন ফেডারেল আদালতের জজ মার্টিন জেনকিন্স।
“তথ্য, পরিসংখ্যান ও ঘটনার বিচারে এটা স্পষ্ট যে ওয়াল মার্টের আইন - কানুন সম্পর্কিত নীতিমালা নারী কর্মীর প্রতি চরম বৈষম্যমূলক। আর এই অভিযোগটি প্রমাণিত হলে গোটা আমেরিকা জুড়ে কর্মক্ষেত্রে নারী কর্মীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি আরো স্পষ্ট ও জোরালো হয়ে ফুটে উঠবে,” বলেন তিনি।
তার কথার পরিপ্রেক্ষিতে অবশেষে নথিভুক্ত হলো ওয়াল মার্টের বিরুদ্ধে নারী কর্মীদের আলোড়নসৃষ্টিকারী এই মামলাটি।
এর ফলে ওয়াল মার্ট স্টোরে বর্তমানে কর্মরত এবং আগে কাজ করেছেন এমন প্রায় বিশ লাখ নারী কর্মকর্তা ও কর্মীকে শত শত কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।
বাদী পক্ষের আইনজীবীরা জানান, ওয়াল মার্টে ঘণ্টাভিত্তিতে কাজ করেন এমন নারী কর্র্মীদের বাৎসরিক আয় একজন পুরুষ সহকর্মীর চেয়ে ১,১০০ ডলার কম। অনুরূপভাবে, পুরুষ ব্যবস্থাপকের তুলনায় বছরে সাড়ে ১৪ হাজার ডলার কম বেতন পেয়ে থাকেন নারী ব্যবস্থাপকরা। এছাড়া, পুরুষ ব্যবস্থাপকরা উচ্চপর্যায়ে পদোন্নতির বিষয়ে নারীর চেয়ে পুরুষের প্রতি পক্ষপাতিত্ব করে থাকেন।
আদালত মামলাটি গ্রহণ করায় নিজের আনন্দ ধরে রাখতে পারেননি মামলার প্রধান বাদী ৫৬ বছর বয়সী বেটি ডিউকস। “আজ আমার আনন্দের সীমা নেই!” বলেন সানফ্রান্সিককোর ওয়াল মার্টের ‘গ্রিটার’ বেটি।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ওয়াল মার্টে কাজ করছেন নারী কর্মীরা।
