২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে রাজনৈতিক হত্যাকাণ্ড তদন্তে আদালত গঠন করবে জাতিসংঘ

২০০৫ সালে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল--হারিরিসহ সিরিয়াবিরোধী অন্যান্য ব্যক্তিদের হত্যার বিচারের জন্য আদালত গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে মঙ্গলবার জাতিসংঘ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

২০০৫ সালের ১৪ ফেব্র“য়ারি হারিরিকে হত্যা করা হয়।

জাতিসংঘের প্রধান আইনী পরামর্শদাতা নিকোলাস মাইকেল ও লেবাননের আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিরিয়াবিরোধী ব্যক্তিদের হত্যার তদন্ত সংক্রান্ত ওই চুক্তিতে স্বাক্ষর করেন মঙ্গলবার। তবে লেবাননের পার্লামেন্টে অনুমোদিত হলেই কেবল চুক্তিটি কার্যকর হবে।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, “সংবিধান অনুযায়ী চুক্তিটি অনুমোদন করা সংক্রান্তপদক্ষেপ নেওয়ার বিষয়টি লেবানন কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। চুক্তিটি অনুমোদন করা হলেই জাতিসংঘের সহায়তায় আদালত তার কাজ শুরু করবে।”

এদিকে সিরিয়াবিরোধী প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা নতুন আদালত গঠনের বিষয়টি সমর্থন করলেও সিরিয়াপন্থী প্রেসিডেন্ট এমিল লাহুদ এর বিরোধিতা করে আসছেন। বিষয়টিকে সমর্থন জানিয়ে সিনিওরা জাতিসংঘের মহাসচিব বান কি--মুনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এদিকে আদালত গঠনের বিষয়টিকে সমর্থন করায় সিনিওরা সংবিধান লঙ্ঘন করেছেন- একথা উল্লেখ করে লাহুদও একটি চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিবকে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে শিল্পমন্ত্রী পিয়েরে জামায়েলকে হত্যার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আদালত গঠনের বিষয়টি অনুমোদন করে। এর আগে হারিরিকে হত্যার বিষয়টি তদন্তে একটি কমিশনও গঠন করে নিরাপত্তা পরিষদ।