২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে আত্মঘাতী হামলাকারীর পরিচয় খুঁজছে পাকিস্তান

পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে মঙ্গলবার রাতে আত্মঘাতী বোমা হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ওই ঘটনায় হামলাকারী নিজে মারা গেছে, আর আহত হয়েছেন তিন নিরাপত্তা রক্ষী। বিমানবন্দরের গাড়ি রাখার স্থানে এ হামলা হয়। ঘটনার পর কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, চালকসহ হামলাকারীর গাড়িতে বসে থাকা দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। (আরো তথ্যসহ)

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Feb 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে দেশটির এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। তিনি বলেন, “আমরা কিছু তথ্য পেয়েছি। তবে এ সম্পর্কে কিছু বলার সময় এখনো আসেনি।”

তার মতে, এ হামলার সঙ্গে ওয়াজিরিস্তানের সম্পর্ক থাকতে পারে।

আফগান সীমান্তে অবস্থিত পাকিস্তানের ওই প্রদেশটি মুসলিম জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটবাহিনী তালেবানদের বিতাড়িত করলে এদের অনেকেসহ আল কায়েদা যোদ্ধারা ওয়াজিরিস্তানে আশ্রয় নেয়। এদের ঠেকাতে পাকিস্তান উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়ে যাচ্ছে। 

পুলিশ জানায়, হামলাকারীর মুখে দাড়ি ছিল, তার বয়স ২০ এর কোঠায়। সে গাড়ি নিয়ে বিমানবন্দরে ঢোকার সময় সন্দেহবশত তাকে থামানো হয়। এরপর তার শরীরে তল্লাশি চালাতে গেলে সে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা চালায়। তখন পুলিশও তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সে নিজের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও প্রথমে জানান, সে আত্মঘাতী হামালা চালাতে গিয়ে নিহত হয়েছে। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা পরে জানান, হামলাকারীর সঙ্গে থাকা তিনটি গ্রেনেডের একটি মেঝেতে পড়ে বিস্ফোরিত হলে দুর্ঘটনাবশত সে নিহত হয়।

ওই ঘটনায় বিমানবন্দরের তিন নিরাপত্তা রক্ষী আহত হন।

ঘটনার পরপর পুলিশ বিমানবন্দরে ঢোকার সব পথ বন্ধ করে দেয়। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি গাড়ি রাখার স্থানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জাভেদ ইকবাল চিমা বলেন, “এটা নিঃসন্দেহে সন্ত্রাসী কাজ।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘটনার জন্য বেশ কিছু বিমানের উড্ডয়ন বিলম্বিত হয়।

গত ২৬ জানুয়ারির পর এটা ইসলামাবাদে প্রথম আত্মঘাতী হামলা। ম্যারিয়ট হোটেলে ওই হামলায় বোমাবাজসহ দুজন নিহত হয়।