শিক্ষাবিদদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিউবা
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশ নেওয়ার জন্য কিউবার লেখক - শিক্ষাবিদদের ভিসা না দেওয়ার সমালোচনা করেছে হাভানা। এছাড়া, কিউবায় একটি ক্রীড়া প্রতিযোগিতায় মার্কিন খেলোয়ারদের অংশ নেওয়ার অনুমতি না দেওয়ায়ও অসন্তোষ প্রকাশ করা হয়।
কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের কানেক্টিকান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘কিউবা - সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত পরবর্তী অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনায় কিউবার ১০ লেখক ও শিক্ষাবিদ আমন্ত্রিত ছিলেন। কিন্তু ওয়াশিংটন তাদের ভিসা দেয়নি।
ভিসা না পাওয়ার দলে রয়েছেন লেখক দেসিদোর্নিও নাভারো, যিনি গত সপ্তাহে ’৭০ দশকের কিউবায় স্টাতিনীয় ধারার সাংস্কৃতিক বিপ্লব নিয়ে বিতর্ক তোলেন।
আর হাভানায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের একটি দলের। কিন্তু ওয়াশিংটনের কর্মকর্তারা জানান, ভিসা পাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে ছয় সপ্তাহ লেগে যেতে পারে।
বিষয়টি কিউবার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘গ্রানমা’ তুলে ধরে এভাবে- “ক্রীড়াবিদদের কিউবা ভ্রমণে আবারো প্রতিবন্ধকতা তৈরি করল যুক্তরাষ্ট্র”।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের গ্রেকো - রোমান কুস্তি দলের কিউবা সফরেও অনুমতি দেওয়া হয়নি।
ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর কিউবা সফরে যুক্তরাষ্ট্রের জনগণের ওপর বিধি নিষেধ আরোপ করে ওয়াশি ংটন। এ জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।
প্রেসিডেন্ট ক্লিনটনের সময় কিউবার সঙ্গে সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সফর বিনিময়ের উদ্যোগ নেওয়া হলেও বুশ প্রশাসন এক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে।
এদিকে কিছুদিন আগে কিউবা ‘টিভি মার্তি’ নামে একটি টিভি চ্যানেলের প্রচার সে দেশে অবৈধভাবেও যেন সম্প্রচারিত না হতে পারে সেজন্য ব্যবস্থা নেয়। মিয়ামিভিত্তিক ওই টিভি চ্যানেলটি কিউবার অনেকেই স্যাটেলাইট সংযোগের মাধ্যমে এতদিন দেখে আসছিল। কিন্তু স্পেনীয় ভাষার ওই চ্যানেলটি সম্প্রতি মার্কিনিরা কিনে নেয়।
