বাগদাদে ইরানি কূটনীতিবিদ অপহৃত
ইরাকে রোববার তাদের এক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে অপহরণের খবর নিশ্চিত করেছে ইরান।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) মঙ্গলবার জানায়, পররাষ্ট্র দপ্তর এ খবরের সত্যতা স্বীকার করে তার নিরাপত্তা নিশ্চিত না করতে না পারার জন্য ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের দায়ি করেছে।
অপহৃত ওই কূটনীতিবিদের নাম জালাল শরাফি। তিনি বাগদাদে ইরান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন।
ইরানি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনিকে উদ্ধৃত করে আইএসএনএ জানায়, ইরাকি প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে সম্পৃক্ত একটি গ্র“প শরাফিকে অপহরণ করেছে এবং এই গ্র“পটি ‘মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে কাজ করে।’
শরাফিকে বাগদাদের ব্যাংক মেল্লির একটি শাখার বাইরে থেকে অপহরণ করা হয় বলে হোসেইনি জানান।
“নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে সন্ত্রাসী তৎপরতা চালানো ওই গ্র“পটি মার্কিন বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং অপহরণকারীদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তারা আগেও এ ধরনের কাজ করেছে।”
তবে এরা কোন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তা তিনি স্পষ্ট করে বলেননি।
হোসেইনি আরো জানান, তার দেশ ইরাকে অবস্থানরত ইরানি কূটনীতিবিদদের জীবন ও নিরাপত্তার জন্য মার্কিন বাহিনী দায়ি।
তিনি বলেন, “ইরান এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ইরানি কূটনীতিবিদের আশু মুক্তি দাবি করছে।”
এর কিছুক্ষণ আগে ইরাকের এক সরকারি কর্মকর্তা ইরাকি সেনাসদস্যের পোশাক পরা অজ্ঞাত বন্দুকধারীদের হাতে রোববার বাগদাদ থেকে এক শীর্ষস্থানীয় ইরানি কূটনীতিবিদের অপহৃত হওয়ার খবর প্রকাশ করেন। তবে তিনি তার নাম প্রকাশ করেননি।
তিনি জানান, রোববার বাগদাদের মধ্য কারাদা থেকে ইরানি দূতাবাসের দ্বিতীয় সচিবকে অপহরণ করে একদল বন্দুকধারী। তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ইরাকি সেনাবাহিনীর বিশেষ অপারেশন ইউনিট ‘৩৬ কমান্ডো ব্যাটালিয়ন’র পোশাক পরা ৩০ জন অপহরণকারী ধরে নিয়ে যায় ইরানি ওই কূটনীতিবিদকে।
এ বিষয়ে মার্কিন দূতাবাস বা মার্কিন সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত কয়েক মাসে কূটনীতিবিদসহ বেশ কয়েকজন ইরানিকে গ্রেপ্তার করে ইরাকে নিয়োজিত মার্কিন বাহিনী। ওয়াশিংটনের অভিযোগ, ইরান ইরাকে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের মদদ দিচ্ছে। তবে তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
