বুশের ৭২ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট পেশ
মার্কিন সেনাবাহিনীর জন্য প্রায় ৭২ হাজার কোটি ডলার চেয়ে সোমবার কংগ্রেসে একটি প্রস্তাব পেশ করেছেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। এ অর্থের অধিকাংশই ব্যয় হবে ইরাকে যুদ্ধ চালাতে।
কংগ্রেস অনুমোদন দিলে ২০০৭ থেকে ২০০৮ এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে ৭১ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ২৩ হাজার ৫১০ কোটি ডলার ব্যয় হবে ইরাক ও আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর জন্য। এছাড়া কূটনৈতিক তৎপরতা চালাতে বুশ আরো অর্থ চাওয়ায় এর মোট পরিমাণ ২৪ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। এছাড়া, ইরাকে নতুন করে আরো সৈন্য পাঠানো হলে এই খাতে বাজেট আরো বাড়বে বলেও সতর্ক করে দেন বুশ।
এ জন্য স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রচলিত কয়েকটি খাতের বাজেট কমিয়ে আনারও প্রস্তাব দেন তিনি।
ইরাকে গত চার বছরে মার্কিন সেনাবাহিনী পরিচালনায় একলাখ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেস বুশের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেট অনুমোদন করলে এই অর্থ ইরাক ও আফগানিস্তান যুদ্ধ এবং এ সংক্রান্ত অন্যান্য কাজে ৬৬ হাজার ১৯০ কোটি ডলার ব্যয় করা হবে বলে বুশ প্রশাসন জানায়।
এদিকে, বাজেটের দলিলপত্র থেকে জানা গেছে, ইরাক ও আফগানিস্তানের জন্য ৪২ হাজার ৬৮০ কোটি মার্কিন ডলার ইতোমধ্যে অনুমোদন করেছে কংগ্রেস।
এছাড়া বুশ পেন্টাগনের জন্য ৪৮ হাজার ১০০ কোটি ডলার চেয়েছেন যার পরিমাণ গত বছরের চেয়ে ১০ শতাংশেরও বেশি।
