যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছেন দালাই লামা
মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে যাচ্ছেন দালাই লামা।
এই প্রথম এমোরি বিশ্ববিদ্যালয়ের ‘প্রেসিডেন্সিয়াল ডিস্টিংগুয়িশড প্রফেসর’ হতে সম্মত হয়েছেন এবং নিয়োগপত্র গ্রহণ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী তিব্বতের সর্বোচ্চ আধ্যাত্মিক এই নেতা।
এমোরি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এলেইন জাস্টিস সোমবার এ কথা জানান।
তিব্বতের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে ‘কম্প্রিহেনসিভ সায়েন্স এডুকেশন’ বা ‘পূর্ণাঙ্গ বিজ্ঞান শিক্ষা’র বিস্তার ঘটানোসহ তিব্বতের এ নির্বাসিত নেতা ও এমোরি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগসূত্র স্থাপনের অংশ হিসেবে দালাই লামাকে এ পদে নিয়োগ পেলেন।
আগামী অক্টোবরে ‘বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা’র বিষয়ক একটি সম্মেলনে দালাই লামা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
১৯৫০ সালে চীন তিব্বত দখল করে নিলে ১৯৫৯ সালে দালাই লামা ভারতে আশ্রয় নেন। সেখান থেকেই সমর্থক ও অনুসারীদের নেতৃত্ব দিয়ে আসছেন তিব্বতের নির্বাসিত এই নেতা। তিব্বতে একটি মধ্যপন্থী স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।
