মক্কায় শুরু হচ্ছে হামাস--ফাতাহ সমঝোতা বৈঠক
হামাস--ফাতাহ সংঘাত এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে সংকট নিরসনে মতৈক্যে পৌঁছাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এবং দামাস্কাস ভিত্তিক হামাস দলের প্রধান খালেদ মেশাল মক্কায় বৈঠকে বসবেন মঙ্গলবার।
কয়েকদিন আগে সৌদি বাদশাহ এ মধ্যস্থতা বৈঠকের প্রস্তাব দেন। হামাস--ফাতাহ আলোচনা ফলপ্রসূ হলে ফিলিস্তিনের ওপর পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার অবসান হবে বলে আশা করা হচ্ছে।
তবে ফিলিস্তিনে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে মাহমুদ আব্বাস সম্মত হোন তা চাচ্ছে না ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যা হামাস-ফাতাহ-র আলোচনাকে কিছুটা ঘোলাটে করে তুলবে বলে মনে করা হচ্ছে।
মক্কা’র সমঝোতা বৈঠককে ইতিবাচক বলে মনে করছেন প্রধানমন্ত্রী হানিয়া। “অসুবিধা, প্রতিবন্ধকতা তো থাকবেই। কিন্তু আমরা খোলা মন নিয়েই আলোচনায় যাচ্ছি। যাতে করে একটি ফিলিস্তিনি--ফিলিস্তিনি ঐক্যে পৌঁছাতে পারা যায়। এক বিববৃতিতে সোমবার তিনি একথা বলেন।
হানিয়া বলেন,“সমঝোতায় পৌঁছানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথও খোলা নেই ”।
একই দিনে প্রেসিডেন্ট আব্বাস বলেন “জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনে সম্মত হতে হামাসের সঙ্গে আলোচনার শেষ সুযোগটি গ্রহণ করছি আমরা,” জানিয়েছেন ।
প্রতিপক্ষ হামাস ও ফাতাহ-র মধ্যে সংঘর্ষ ও সংকট উত্তরণে কয়েকদফা অস্ত্রবিরতি চুক্তি হলেও কোনবারই তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনে নতুন করে সাধারণ নির্বাচনের ডাক দেওয়ার পর থেকে অস্ত্র বিরতি চুক্তি বারবার অকার্যকর হয়ে পড়ে।
এদিকে, সোমবার হামাস-ফাতাহ সংঘর্ষে আহত তিন ফিলিস্তিনির মৃত্যুতে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত দুটি দলের সংঘাত ও লড়াইয়ে নিহতের সংখ্যা দাড়ালো ৯০তে।
