লন্ডনে বোমা বিস্ফোরণ, আহত ১
মধ্য লন্ডনের সোমবার এক অফিসে আসা চিঠির ভেতবে রাখা বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন।
আহত ব্যক্তি ওই অফিসের এক নারী কর্মী এবং তার আঘাত গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
লন্ডন পুলিশের সন্ত্রাসবাদবিরোধী ইউনিটের ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এটি সন্ত্রাসী হামলা, নাকি অপরাধমূলক তৎপরতার অংশ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রধান পরিদর্শক ইয়ান থমাস জানান, চিঠির ভেতর আসা বোমাটি বিস্ফোরিত হওয়ায় ওই অফিসের এক নারী কর্মী সামান্য আহত হন। স্থানীয় এক হাসপাতালে নেওয়ার আগেই অ্যাম্বুলেন্সের কর্মীরা তাকে চিকিৎসা দেন।
চিঠিটি কার নামে এসেছিল পুলিশ তা খুঁজে দেখছে।
ওই ঘটনা পরপরই লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ভিক্টোরিয়া স্ট্রিটের ৫০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে বলে দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন। ঘটনা তদন্তে ওই সড়কে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েছে পুলিশ।
ব্যস্ত ওই সড়কটি ধরে ব্রিটিশ পার্লামেন্টে যাওয়া যায়। এছাড়া, ঘটনাস্থলের কাছেই স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের প্রধান কার্যালয় অবস্থিত।
