২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে

চীনের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যহীনতা দেশটির স্থিতিশীলতাকে হুমকিগ্রস্ত করছে এবং এ সমস্যা সমাধানে দেশটির গণতান্ত্রিক সংস্কার আনা উচিত বলে মন্তব্য করেছেন সরকার নিয়ন্ত্রিত পিপলস ডেইলির সাবেক এক সম্পাদক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ঝাউ রুইজিন নামে ওই সম্পাদক সোমবার সাউদার্ন মেট্রোপলিস ডেইলিতে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ঝাউ ১৯৯০ এর দশকের প্রথমদিকে পিপলস ডেইলির সম্পাদক থাকাকালীন সাবেক নেতা দেং জিয়াওপিঙের বাজার সংস্কার নীতিমালার ঘোর সমর্থক হিসেবে পরিচিতি পান। তখন থেকেই তিনি জোরেসোরে দেশে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন।

চীনের বাণিজ্যিক কেন্দ্র গুয়াংঝাউয়ের এ ট্যাবলয়েড পত্রিকাটিতে তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ায় ধারণা করা হচ্ছে এ বছরের শেষার্ধে চীনা কমুনিস্ট পার্টির কংগ্রেসে দেশটির গৃহীত নীতিমালার গতিমুখ ও সংস্কার পদক্ষেপ নিয়ে সৃষ্ট বিতর্ক চাঙ্গা হয়ে উঠবে।  

ঝাউ সাক্ষাৎকারে বলেন, অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যহীনতা দূরীকরণে চীন পিছিয়ে পড়েছে। দেশটির তুলনামূলক ধনী পূর্বাঞ্চল ও দরিদ্র পশ্চিমাঞ্চলের মধ্যকার ভারসাম্যহীনতা, প্রাকৃতিক সম্পদের অপচয় ও পরিবেশ বিপর্যয়, আয়ের ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈষম্য, সমাজ কল্যাণমূলক ক্ষেত্রগুলোতে অব্যবস্থাপনা ও সীমাহীন দুর্নীতি চীনকে পিছিয়ে দিচ্ছে বলে ঝাউ মন্তব্য করেন।

তিনি বলেন, এসব সমস্যা সমাধান করা গেলে চীনে গণতান্ত্রিক সংস্কারে গতি আসবে।

“আমি সরকারি প্রশাসনের সবধরনের সংস্কারের আগে রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলতে চাইছি।”

তিনি সরাসরি নির্বাচনের সুযোগ আরো বাড়ানোরও দাবি জানান। বর্তমানে শুধুমাত্র গ্রাম পর্যায়ে এবং পার্টিকে পরামর্শ দানকারী ‘সুধী সমাজ’কে আরো শক্তিশালী করার ক্ষেত্রে সরাসরি নির্বাচনের সুযোগ রয়েছে।