‘বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে ইরান হামলা’
ইরানে সামরিক অভিযান চালানো হলে সারা বিশ্বে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এতে দেশটির পরমাণু উচ্চাশা আরও বহুগুণ বেড়ে যাবে, ইরাকে স্থিতিশীলতার শেষ আশাটুকুও ধূলিস্যাৎ হবে এবং তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্ষতিগ্রস্ত হবে। লন্ডনভিত্তিক চিন্তাবিদ, ধর্মীয় গ্র“পসহ কয়েকটি সংঠনের এক কোয়ালিশন এক যৌথ প্রতিবেদনে সোমবার এ আশঙ্কা ব্যক্ত করেছে।
ব্রিটেনের ফরেন পলিসি সেন্টার, অক্সফাম ও দি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনসহ ১৫টি সংগঠনের ওই যৌথ প্রতিবেদনে ইরান ইস্যুর কূটনৈতিক সমাধানের জন্য নতুনভাবে উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।
ইরানে ২০০২ থেকে ২০০৬ সালে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী স্যার রিচার্ড ডাল্টনের মতে ইরান প্রশ্নে কূটনীতির ক্ষেত্রে নতুন ধারার সূচনা করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি।
“আত্মরক্ষার অধিকারের বৈধতা ছাড়া সামরিক হামলা হলে তা সফল নাও হতে পারে। এটা হলে তা শুধু ইরানের জন্যই নয়, তা ওই অঞ্চল এবং খুব সম্ভবত বিশ্বের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।”
ফরেন পলিসি সেন্টারের পরিচালক স্টিফেন টুইগ বলেছেন, “ইরানে সামরিক অভিযানের ফলাফল শুধু অকল্পনীয়ই নয় তা অচিন্ত্যনীয়ও বটে।”
তিনি বলেন, “সবচেয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন অনুসারেও পরমাণু সামর্থ্য অর্জনে ইরানের এখনো কমপক্ষে কয়েকবছর বাকী। অন্য সব কিছু বাদ দিলেও এ যুক্তিতে সেখানে অভিযানের চিন্তা বাদ দেওয়া উচিত।”
“ইরানে একটি সামরিক অভিযান চালানোর পুর্ণাঙ্গ ফলাফল সম্পর্কে কোনো হিসেব নিকেশ না করেই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমাদের নেতারা,” সেন্ট এন্ড্রুস ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ইরানিয়ান স্টাডিজের পরিচালক আলি আনসারি বলেন।
তিনি বলেন,“সব কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের পথ রুদ্ধ হয়ে গেছে বলে ওয়াশিংটনে বসে থাকা কিছু লোক যে ধারণা পোষণ করছে তাকে চ্যালেঞ্জ করা দরকার।”
ইরানে সামরিক অভিযান চালানোর পাঁয়তারায় যুক্তরাষ্ট্র--ইসরায়েল চক্রের সাম্প্রতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য যুদ্ধ ঠেকাতে সোচ্চার হয়ে উঠছে বিশ্ব সমাজ। এ যৌথ প্রতিবেদন তারই অংশ। ইরান--যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনাকেই সঙ্কট সমাধানের সবচেয়ে ভাল পন্থা বলেও মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে।
