জাকার্তার বন্যায় ৯ জনের মৃত্যু, ২ লাখ ঘরছাড়া
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এ পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় ঘরছাড়া হয়েছে প্রায় দুই লাখ লোক।
অবিরাম বৃষ্টিপাত আরো একসপ্তাহ চলবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। বন্যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হচ্ছে। এদিকে বন্যা পরবর্তী রোগ ব্যাধি মহামারি আকার ধারণ করবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ মৌসুমে সচরাচর দেশটিতে বন্যা দেখা দিলেও গত পাঁচ বছরে একবারই সবচেয়ে ভয়াবহ রূপ নিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রুস্তম পাকায়া জানিয়েছেন, জাকার্তাসহ এর আশপাশের দিপক, তানজেরাং ও বেকাসি এলাকার অনেকাংশ পানিতে তলিয়ে গেছে। নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। রুস্তম পাকায়া বলেন, “উপদ্রুত এলাকায় এ পর্যন্ত আমরা আট টন শিশু খাদ্য বিতরণ করেছি। এছাড়া পাঠানো হয়েছে পাঁচটি মেডিক্যাল টিম।”
দেশটির জরুরি অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যার ফলে ঘরছাড়া লোকের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৬৬৫ জন।
কর্মকর্তারা জানিয়েছেন, অনেক স্থানে লাইন ডুবে যাওয়ায় রেল চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাশাপাশি টেলি যোগাযোগও হচ্ছে ব্যাহত।
কর্মকর্তাদের আশঙ্কা, বিশুদ্ধ পানির অভাব এবং পানি নেমে যাওয়ার পর রোগ ব্যাধি ছড়িয়ে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।
দেশটির আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, অবিরাম বৃষ্টি আরো কমপক্ষে এক সপ্তাহ ধরে চলবে।
অপরিকল্পিত ভবন নির্মাণকেই বন্যার জন্য দায়ী করেছেন দেশটির পরিবেশম›ত্রী রশমাত উইতায়েলার। একই মত জাকার্তার গভর্নরেরও। গভর্নর সুতিয়াসো বলেন, শহরের চার পাশ ঘিরে এত বেশি বিশাল বিশাল দালান নির্মাণ হয়েছে যে পানি সরার জায়গা পাচ্ছে না।
