ইরাকে ভয়াবহ ট্রাক বোমায় ১৩৫ জন নিহত
ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ১৩৫ জন নিহত হয়েছেন। শনিবার মধ্য বাগদাদের ব্যস্ততম একটি বাজারে ভয়াবহ এ হামলা হয়। ট্রাকটিতে প্রায় এক টন বিস্ফোরক ছিল। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে এর জন্য সুন্নি গেরিলাদের দায়ী করেছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। যুক্তরাষ্ট্র এ হামলাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছে।
২০০৩ সালে ইরাক অভিযানের পর এটাই সবচেয়ে বড় আত্মঘাতী হামলা। বিস্ফোরণে কাঁচাবাজারে ফল ও সবজির দোকান পাট উড়ে যায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে হতাহতদের দেহাবশেষ।
প্রত্যক্ষদর্শী ৪২ বছর বয়সী জসিম বলেন, “দৃশ্যটা ছিল ভয়ংকর। রক্ত জমে যাওয়ার মতো ভীতিপ্রদ।” বিস্ফোরণের বিকট শব্দ পুরো এলাকা কেঁপে ওঠে বলে জানান তিনি। শব্দ শুনেই তিনি ঘর থেকে ছুটে আসেন ঘটনাস্থলে এবং হতাহতদের উদ্ধারে নেমে পড়েন।
বিস্ফোরণে তিন শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের বেশিরভাগকে পাঠানো হয় স্থানীয় ইবনে আল নাফিস হাসপাতালে। ওই সময় হতাহতদের স্বজনের আহাজারিতে হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত এক ব্যক্তি বলেন, “হঠাৎ প্রচণ্ড শব্দ শুনি। তারপরই আমার দোকানের ছাদ মাথার ওপর ধসে পড়ে। এরপরের ঘটনা মনে করতে পারছি না।”
বিস্ফোরণস্থলে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মেজর জেনারেল জিহাদ আল জাবেরি জানান, ট্রাকটিতে প্রায় এক টন বিস্ফোরক ছিল।
ভয়াবহ এ হামলার জন্য সাদ্দাম সমর্থক সুন্নি গেরিলাদের দায়ী করেন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এক বিবৃতিতে তিনি বলেন, “বিপুল পরিমাণ প্রাণহানির ঘটনায় ইরাকবাসী স্তম্ভিত।”
এদিকে, বাগদাদে শনিবারের ট্রাক বোমা বিস্ফোরণে ১৩৫ জনের মৃত্যুকে ‘নৃশংস ও বর্বরোচিত’ কাজ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। পাশাপাশি নিরাপত্তা বিধানে ইরাকি সরকারকে সহায়তার আম্বাসও দেওয়া হয়।
এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি টনি স্নো বলেন, “যুক্তরাষ্ট্র ইরাকি জনগণের পাশে রয়েছে। এ ধরনের নৃশংস কাজের পেছনে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি প্রদানে ইরাকি সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাগদাদের জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
