২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ এ যুদ্ধের খরচ মেটাতে ৯,৯৭০ কোটি ডলার চান বুশ

এই একবিংশ শতাব্দীতে যুদ্ধের খরচাপাতি অনেক বেশি। সেটাই বলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। মার্কিন কংগ্রেসের কাছে সে বাবদ বিশাল অঙ্কের এক চাহিদাও পেশ করতে যাচ্ছেন তিনি। ইরাক ও আফগানিস্তানে চলমান যুদ্ধবাবদ ২০০৭ অর্থবছরের বাকি সময়ের জন্য নয় হাজার ৯৭০ কোটি ডলার এবং ২০০৮ অর্থবছরের জন্য ১৪ হাজার ৫০০ কোটি ডলার চাইতে যাচ্ছেন প্রেসিডেন্ট বুশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শুক্রবার বুশ প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এই খবর দিয়েছে। ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ২০০৯ অর্থবছরের জন্য পাঁচ হাজার কোটি ডলারের একটি খসড়া হিসেবও দাখিল করবেন প্রেসিডেন্ট বুশ। সোমবার কংগ্রেসে বার্ষিক এই বাজেট পেশ করার কথা তার।

২০০৭ সালের জন্য এরইমধ্যে সাত হাজার কোটি ডলার খরচ অনুমোদন করেছে কংগ্রেস। এর বাইরে আরো ১০ হাজার কোটি ডলার বাড়তি চাইতে যাচ্ছেন প্রেসিডেন্ট। সে সুবাদেই ২০০৭ হতে যাচ্ছে যুদ্ধবাবদ দেশটির সবচেয়ে খরুচে বছর।

প্রেসিডেন্ট বুশের এই আবদার কংগ্রেসে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে বিতর্ক আছে। বাড়তি এই অর্থসংস্থানের পেছনে অবশ্য কারণ আছে। প্রেসিডেন্ট চাইছেন ইরাকে বাড়তি আরো সাড়ে ২১ হাজার সেনা পাঠাতে।

শুধু বিরোধী ডেমোক্রেটরাই নন, বুশের এই সিদ্ধান্তে দ্বিমত অনেক রিপাবলিকানও। সাংসদদের মধ্যে এখন বিতর্ক চলছে কিভাবে এই বিরোধিতা একটি সুনির্দিষ্ট প্রস্তাবের মাধ্যমে জানানো যায়।

ডেমোক্রেট সদস্য ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এমনিতে ‘আমেরিকানদের নিরাপত্তার জন্য যা কিছু দরকার তা করতে’ সহমত। কিন্তু তারপর পেন্টাগনের চাহিদাকে তিনি বলছেন ‘বিশাল অংক’।

তার সতীর্থ ডেমোক্রেটরা অবশ্য এতটা উদারভাবে ভাবছেন না। ইরাক যুদ্ধ ও সেনাবাহিনীর সার্বিক ব্যয়ের হিসেব খুটিয়ে পরীক্ষা করার প্রতিশ্রতি দিয়েছেন তারা।

পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দি নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে, বুশ প্রশাসন ২০০৮ অর্থবছরের জন্য ৬২ হাজার ২০০ কোটি ডলার বরাদ্দ চাইবে। এর মধ্যে ৪৮ হাজার ১০০ কোটি ডলার পেন্টাগনের নিয়মিত বাজেট।

শুক্রবার পত্রিকাটির ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, এই বাজেটে ১২ হাজার ৮৬০ কোটি ডলার সেনাবাহিনীর, ১১ হাজার ৭০ কোটি ডলার বিমানবাহিনীর এবং ১৪ হাজার কোটি ডলার নৌবাহিনীর জন্য বরাদ্দ দিতে সুপারিশ করা হবে।

বিতর্ক আছে এই বাজেটের জন্য কোন খাত থেকে বরাদ্দ আসবে তা নিয়েও। ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পর থেকে যুক্তরাষ্ট্র প্রশাসন যুদ্ধের খরচাদি মূলত জরুরি খরচের খাত থেকে বহন করেছে। কিন্তু এর অবসান চাইছেন এখন অনেকেই। স্বচ্ছতার দাবিতেই তারা চান নিয়মিত বাজেটেই যুদ্ধের খরচ অন্তর্ভুক্ত হোক, পাশাপাশি চাইছেন জরুরি প্রস্তাবনাগুলো ছায়া বাজেট হিসেবে দেখাতে।

জরুরি বাজেটের উপজাত হিসেবেই ইরাক ও আফগানিস্তানের যুদ্ধবরাদ্দ পেশ করা হবে। তবে বাজেটের সম্পূরক উপাত্তে বুশ প্রশাসন চেষ্টা করবে সমালোচকদের তুষ্ট করতে এই খরচের খুটিনাটির বিষদ বর্ণনা করতে।