টাইগারদের নিরস্ত্র করার ঘোষণা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকশে তামিল টাইগারদের নিরস্ত্র করার ঘোষণা দিয়েছেন। তবে পাশাপাশি এটাও বলেছেন, তাদের জন্য আলোচনার দ্বার এখনো খোলা আছে।
শনিবার উত্তর পূর্বাঞ্চলের দুর্গম ও যুদ্ধবিধ্বস্ত এলাকা ভাকারাই পরিদর্শনে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি সেখানে মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গেরিলাদের হাত থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র দেখেন। টাইগারদের উৎখাত করে এলাকাটিতে সম্প্রতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে।
মহেন্দ্র রাজাপাকশে বলেন, “আমাদের অবশ্যই টাইগারদের নিরস্ত্র করে এলাকাগুলোকে মুক্ত করতে হবে। এক্ষেত্রে দুটি প্রক্রিয়া রয়েছে। তবে সামরিক হস্তক্ষেপের চেয়ে রাজনৈতিক সমাধানই আমরা শ্রেয়তর মনে করি।”
আলোচনার এখনই সুবর্ণ সুযোগ উল্লেখ করে তিনি টাইগারদের উদ্দেশ্যে বলেন, “শক্তি প্রদর্শন ও মানুষ হত্যা বাদ দিয়ে আলোচনার টেবিলে আসার এখনি যথার্থ সময়। আর আলোচনার জন্য আমি সরকারের তরফে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এটা আমার দায়িত্ব। তারা প্রত্যাখ্যান করলেও আমাদের দরজা খোলাই থাকবে।”
এলাকাটিতে যুদ্ধের চিহ্ন অপসারণ করে একে বাসযোগ্য করে তোলার ওপরও জোর দেন মহেন্দ্র। বলেন, “প্রথমে সব মাইন অপসারণ করতে হবে। এরপরই পুনর্গঠন কাজ পূর্ণোদ্যমে শুরু হবে।”
খুব শিগগিরই বাড়িঘর নির্মাণ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অস্ত্র সমর্পণ করে গেরিলাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বানও জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি বলেন, “যুদ্ধবিরতি সত্যিকার অর্থেই মেনে চলা উচিত।”
হেলিকপ্টারে দুর্গম ওই এলাকায় যান মহেন্দ্র রাজাপাকশে। গেরিলারা পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার ভূমি মাইন পেতে রেখে যায়। সেনাবাহিনী এখন সে মাইনগুলো উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
