পরমাণু স্থাপনায় জাতিসংঘের ক্যামেরা বসাতে দিচ্ছে ইরান
পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ প্রকল্পে পর্যবেক্ষণ ক্যামেরা বসাতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তারা সহায়তা করছেন বলে শুক্রবার জানিয়েছেন ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। ভিয়েনায় আইএইএ দফতরে কূটনীতিবিদদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, “নাতাঞ্জ পরমাণু প্রকল্পের বিভিন্ন অংশে ক্যামেরা বসানোসহ অন্যান্য পর্যবেক্ষণ কাজে সহায়তা করছে ইরান।”
তবে প্রকল্পের ভূগর্ভস্থ স্থাপনায় ক্যামেরা বসানোর অনুমতি দেওয়া হয়নি বলে তিনি জানান।
ভিয়েনায় আইএইএর সঙ্গে ঘণিষ্ঠ এক কূটনীতিবিদ এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, সাময়িকভাবে হলেও নাতাঞ্জের ভূগর্ভস্থ হলে ক্যামেরা বসানোর কাজ স্থগিত করে দিয়েছে ইরান। তবে বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে এবং এখনো তা সুরাহার সুযোগ রয়েছে।
এদিকে নাতাঞ্জের পরমাণু স্থাপনায় ৩,০০০ সেন্ট্রিফিউজ বসানোর খবর অস্বীকার করে ওই ইরানি কর্মকর্তা বলেন, “ওগুলো বসানোর কাজ এখনো শুরুই হয়নি।”
তবে ভূগর্ভস্থ বড় হলটিতে ওই সেন্ট্রিফিউজগুলো বসানোর কথা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে ইরান জানিয়েছিল, পরমাণু জ্বালানি উৎপাদনের জন্য পরীক্ষামূলক পর্যায় থেকে ব্যাপক পরিমাণে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েই ওগুলো বসানো হবে।
ইরানি কর্মকর্তা বলেছেন, “ভূগর্ভস্থ হল ছাড়াও ওপরে কিছু সেন্ট্রিফিউজ বসানোর জায়গাসহ অন্যান্য কার্যক্রম আছে এবং সেগুলো জাতিসংঘের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সেখানে ক্যামেরা বসানোর কাজও চলছে।”
জ্বালানি তৈরির ছদ্মাবরণে পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে ইরান-- এমন সন্দেহে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি ও চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু আইএইএর তদন্তে ইরানের বোমা বানানোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছে সংস্থাটি।
