২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ইস্যুতে মার্কিন সিনেটে ‘একঘরে’ বুশ

ইরাক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে কোণঠাসা করে ফেলছে সিনেট। সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডেমোক্রেটদের সমর্থন নিয়ে প্রস্তাব এনেছেন রিপাবলিকান সিনেটর জন ওয়ার্নার। ডেমোক্রেট, রিপাবলিকান মিলিয়ে এতে সমর্থন মিলেছে অনেকেরই। সোমবারই প্রস্তাবটি নিয়ে ভোট হবে বলে জানিয়েছেন সিনেট নেতা হ্যারি রিড।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2007, 06:52 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ডেমোক্রেট নেতা হ্যারি রিডের আশা, সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। তিনি বলেন, “১০০ ভোটের মধ্যে ৬০, ৫৮ কিংবা ৫৩- যাই পাই না কেন, আমরা এটা বোঝাতে সক্ষম হব যে সিনেট ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর বিপক্ষে।”

প্রস্তাবটি তৈরিতে মূল ভূমিকা পালন করেন ভার্জিনিয়ার সিনেটর জন ওয়ার্নার। তবে ডেমোক্রেটদের ভজাতে প্রস্তাবে বেশ কিছু সংস্কার আনতে হয় তাকে।

বুশের সিদ্ধান্তের বিরোধিতাকারীরা আরো চাঙ্গা হয়েছেন ইরাকে সদ্য্যসাবেক মার্কিন কমান্ডার জর্জ কেসির বক্তব্যে। জেনারেল কেসি বলেছেন, “বাগদাদে এখন যে সংখ্যক সৈন্য পাঠানোর পরিকল্পনা করা হয়েছে, তার চেয়ে অনেক কম সৈন্য দিয়েও ভালোভাবে কাজ চালিয়ে নেওয়া যায়।”

প্রেসিডেন্ট বুশের পরিকল্পনায় বাগদাদে পাঁচ ব্রিগেড সৈন্য মোতায়েনের কথা বলা হয়েছে। কিন্তু কেসি বলছেন, “সহকর্মীরা আমায় বলেছিলেন, দুই ব্রিগেড সৈন্যই বাগদাদের জন্য যথেষ্ট। আর আমিও দুই ব্রিগেড সৈন্য পাঠানোর জন্যই বলেছিলাম ওয়াশিংটনকে।”

তবে এর অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হলে তার বিরোধিতা তিনি করেননি বলে জানান কেসি।

এদিকে প্রস্তাবের বিপক্ষেও প্রচার চলছে জোরেশোরে। এদের মধ্যে আবার দুই ভাগ রয়েছে। একভাগ এটাকে সমর্থন করেন না এ জন্য যে এটা অহেতুক বাড়াবাড়ি। আর অন্য পক্ষের বক্তব্য, এর সুর যতটা কঠোর হওয়ার দরকার ছিল, ততটা কঠোর নয়।     

রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ও কানেক্টিকাট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর জোসেফ লিবারম্যান আবার বিকল্প প্রস্তাব চান। তারা বলেন, “সৈন্যদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ যেমন আমাদের নিতে হবে, তেমনি ইরাকি সরকার যেন সহিংসতা দমনে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে তার ওপরও জোর দিতে হবে।”

ডেমোক্রেটদের মধ্যে ক্রিস ডড চান বিষয়টি নিয়ে বুশ প্রশাসনকে আরো চাপ দেওয়া হোক। তিনি প্রশ্ন করেন, “বিষয়ের গুরুত্ব অনুধাবনে কেন আমরা হোয়াইট হাউজকে আরো চাপ দিচ্ছি না?”

এত সবের পরও প্রেসিডেন্ট বুশের আশা, তার সমর্থনেই শেষ পর্যন্ত থাকবেন সিনেটররা। তার নতুন পরিকল্পনার সমর্থনে হোয়াইট হাউজের মুখপাত্র টনি øো বলেন, “ইরাক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট নতুন পরিকল্পনা করেছেন। এর ফল আসতে ছয়/সাত মাস তো লাগবেই।”