২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেবাননের আকাশসীমায় এখনো টহল দেয় ইসরায়েলি যুদ্ধবিমান’

বারবার নিষেধ করা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমান এখনো নিয়মিত লেবাননের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় টহল দেয় বলে অভিযোগ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিদায়ী কমান্ডার মেজর জেনারেল অ্যালেইন পেলেগ্রিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Feb 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শুক্রবার ইউরোপ ওয়ান রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “ইসরায়েলি যুদ্ধবিমান নিয়মিতভাবে প্রতিদিন ওই এলাকায় টহল দেয়। কোনো কোনো দিন টহলের সংখ্যা দিনে পাঁচ--ছয়বারেও গিয়ে ঠেকে।”

কী কারণে ইসরায়েল এ কাজ করছে জানতে চাইলে পেলেগ্রিনি বলেন, “অবশ্যই এর উদ্দেশ্য ওই অঞ্চল নিয়ন্ত্রণ করা। কিন্তু এটা তাদের ওপর হামলায় উৎসাহিত করার জন্যও হতে পারে।”

গত নভেম্বরে ফ্রান্স জানায়, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদের অবস্থানের কাছে খুব নিচ দিয়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধবিমানের ওপর হামলা করতে যাচ্ছিল। এরপর তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় ইসরায়েলকে এ ধরনের তৎপরতা থেকে নিবৃত্ত করার।

তবে ইসরায়েল বলছে ‘হিজবুল্লাহ গেরিলা বাহিনী প্রতিবেশী সিরিয়া থেকে অস্ত্র আনছে না’ সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ওই এলাকায় টহল দেওয়া বন্ধ করবে না।

পেলেগ্রিনি অবশ্য জানান, হিজবুল্লাহর অস্ত্র চোরাচালান সম্পর্কে তাদের কাছে কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, “আমি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারব না।”

তবে সেটা অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত বছর ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গেরিলা বাহিনীর মধ্যকার ৩৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৪ আগস্ট থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।