বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ মানবিক তৎপরতা: আইপিসিসি
মানবিক তৎপরতার কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিভিন্ন দেশের সরকার উষ্ণায়ন রোধে ত্বরিত ও টেকসই পদক্ষেপ নিতে বাড়তি চাপের মধ্যে থাকছে। শুক্রবার প্যারিসে এক বৈঠক শেষে এসব মন্তব্য করেছে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সংস্থা দি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)।
সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে জীবাশ্ন জ্বালানী ব্যবহারকারীদের প্রতি এই সতর্কবাণী উচ্চারণ করা হয়।
এতে বলা হয়, গত ৫০ বছরে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির পেছনে মানুষের জীবাশ্ন জ্বালানী ব্যবহার অনেক বেশি দায়ী। এর সম্ভাব্যতা ৯০ শতাংশেরও বেশি। ২০০১ সালের এক প্রতিবেদনে সংস্থাটি এর সম্ভাব্যতার হার অন্তত ৬৬ শতাংশ বলে মন্তব্য করেছিল।
প্যারিসে আইপসিসির বিজ্ঞানী ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়। গত সোমবার থেকে শুরু হওয়া ‘বিশ্ব উষ্ণায়ন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি’ সংক্রান্ত আলোচনা বৃহস্পতিবার গভীর রাতে শেষ হয়েছে।
ওই প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, অতিবৃষ্টি, খরা, হিমবাহ গলে যাওয়া, প্রচণ্ড দাবদাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি- জলবায়ুর এসব মারাত্মক পরিবর্তন আগামী দিনগুলোতে মানুষের জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনবে। আর এজন্য দায়ী জীবাশ্ম জ্বালানীর ব্যবহার।
“বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধিতে গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস জীবাশ্ন জ্বালানির ব্যবহার বহুলাংশে দায়ী যা ক্রমেই বেড়ে চলেছে।”
১৩০টিরও বেশি দেশের ২,৫০০ বিজ্ঞানী ও গবেষক নিয়ে গঠিত আইপিসিসি জলবায়ু পরিবর্তনের ওপর গত ছয় বছর ধরে গবেষণা করেন। গবেষণার ফলাফল সংক্রান্ত বিশ পৃষ্ঠার মূল প্রতিপাদ্যে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ২১০০ সালের গ্রীষ্মকাল নাগাদ আর্কটিক সমুদ্রে জমে থাকা বরফ গলে যেতে পারে এবং এর ফলে গালফ উপসাগরের স্রোতের প্রাবল্যও কমে আসতে পারে।
এ প্রতিবেদনটি বিভিন্ন দেশের সরকার ও বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে মূলত বিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্র, কল--কারখানা ও গাড়িতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমিয়ে আনতে দ্রুত তৎপর হতে সাহায্য করেেব বলে আইপসিসি আশা করছে।
