যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছে আফগানিস্তান
দীর্ঘ ২৫ বছর ধরে চলা সংঘাত--সংঘর্ষে অভিযুক্ত সব যুদ্ধাপরাধীকে ক্ষমা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার আফগান পার্লামেন্ট এ সংক্রান্ত বিলটি অনুমোদন করে।
এর মধ্য দিয়ে তালেবান নেতা মোল্লা ওমর ও সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারসহ অন্যান্য যুদ্ধবাজ নেতারাও রেহাই পেলেন বলে মনে করছেন আইন প্রণেতারা। বিলটির বিরোধিতা করে কয়েক সদস্য অবশ্য পার্লামেন্ট অধিবেশন বর্জন করেন।
আফগান পার্লামেন্টের নিুকক্ষ ওলেসি জিরগায় বুধবারই বিলটি পাস হয়। মানবাধিকার গোষ্ঠীগুলোর বিরোধিতার মুখেই বিলটি পাস করল পার্লামেন্ট। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়, যুদ্ধ বিধ্বস্ত, সমস্যা পীড়িত দেশ পুনর্গঠনে নতুন করে কাজ শুরুর প্রয়াস থেকেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এক সময়কার মুজাহিদিন নেতা হাজি মোহাম্মদ মহাকিক বলেন, “নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের যে উদ্যোগ তার সঙ্গে সমন্বয় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।”
তার ধারণা, এর ফলে মোল্লা ওমর ও গুলবুদ্দিন হেকমতিয়ারও রেহাই পেয়ে যাবেন। কারণ, আইন সবার ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ হয়।
কয়েকজন পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, পার্লামেন্ট যে এ সিদ্ধান্ত নিচ্ছে, প্রেসিডেন্ট তা আগেই জানতেন।
সিদ্ধান্ত গ্রহণের সময় শুকরিয়া বারাকজাইসহ বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য অধিবেশন বর্জন করেন। প্রতিবাদী এই নারী নেত্রী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “এর মধ্য দিয়ে সবাইকেই তো ছেড়ে দেওয়া হল।”
তালেবানদের ইঙ্গিত করে হামিদ কারজাইয়ের শান্তি আলোচনার আহ্বানের পর দিনই পার্লামেন্ট এমন সিদ্ধান্ত গ্রহণ করল।
মানবাধিকার গোষ্ঠীগুলো বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যসহ সব যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছিল। তারা বলছিল, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার নিশ্চিত করা খুবই জরুরি।
