২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে পালিত হচ্ছে অস্ত্রবিরতি চুক্তি

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও সংঘাতের মধ্যে দিয়ে দুই ফিলিস্তিন প্রতিপক্ষ ক্ষমতাসীন হামাস ও ফাতাহ দলের মধ্যে বুধবার অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় দিন পালিত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 03:17 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তবে এরপরও উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত থাকায় এসবে মদদ দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ অবাহত রেখেছে দুই পক্ষ।

পাঁচ দিনের চলমান সংঘর্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর হামাস ও ফাতাহ গত মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। 

এরপর বুধবার মধ্য গাজায় অজ্ঞাত বন্দুকধারীরা হামাসের মুখপাত্র ফাওজি বারহুমকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তবে তিনি অক্ষত অবস্থায় এবং নিরাপদে আছেন। তাকে হত্যার পরিকল্পনার জন্য মাহমুদ আব্বাসের ফাতাহ দলকে দায়ী করছে হামাস।

তবে ফাতাহর এক কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করে বলেন, গাজার রাস্তায় তাদের নয়, বরং হামাসের বন্দুকধারীরা টহল দিচ্ছে।

এদিকে, গাজায় গাড়ী থেকে বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হন আল আকসা মার্টায়ার্স ব্রিগেডের সদস্য বশীর ঈসা। হাসপাতাল কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।

অন্যদিকে, বন্দুকধারীরা ছাদ থেকে প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থার কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সংঘর্ষে কেউ হতাহত হয়নি। কার্যালয়ের বেশিরভাগ সদস্যই ফাতাহ দলের সমর্থক।