২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২৪ জন নিহত

বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়াকে কেন্দ্র করে কেনিয়ায় বিক্ষোভ-সহিংসতা চলছেই। বিক্ষোভ দমাতে হিমশিম খাচ্ছে পুলিশ। বৃহস্পতিবারে ভোটের পর থেকে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। নাইরোবির স্থানীয় টেলিভিশন নিহতের এই পরিসংখ্যান দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

নাইরোবি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়াকে কেন্দ্র করে কেনিয়ায় বিক্ষোভ-সহিংসতা চলছেই। বিক্ষোভ দমাতে হিমশিম খাচ্ছে পুলিশ। বৃহস্পতিবারে ভোটের পর থেকে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। নাইরোবির স্থানীয় টেলিভিশন নিহতের এই পরিসংখ্যান দিয়েছে। বিরোধীদলীয় সমর্থকদের ঘাঁটি কিসুমুতে হাসপাতালের মর্গে ২১ টি মৃতদেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বেশির ভাগই মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। কোরোগোচো বস্তিতে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যাক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও ৩০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৫ জনে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং লাশের সংখ্যা গুনে রয়টার্স জানায়, নিহতের সংখ্যা কমপক্ষে ৭০ জন। ওদিকে, ব্রডকাস্টার কেটিএন সোমবার ভরদুপুর নাগাদ নিহতের সংখ্যা ১২৪ জন বলে জানায়। বৃহস্পতিবার নির্বাচনী ফল ঘোষণার পরপরই রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে। দেশটির একটি টেলিভিশন চ্যানেল পশ্চিমাঞ্চলীয় নায়ানজা প্রদেশে সহিংসতায় তাৎক্ষণিকভাবে ১০ জন নিহত হওয়ার কথা জানায়। নির্বাচনে সামান্য ব্যবধানে জিতেছেন কিবাকি। নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্যামুয়েল কিভুটু সাংবাদিকদের সামনে ঘোষণা দেন "মাওয়ি কিবাকি নির্বাচনে জিতেছেন। এই ঘোষণার প্রায় এক ঘন্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কিবাকি। শপথ অনুষ্ঠান শেষে এক বক্তৃতায় তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, দলের দুর্নীতিমুক্ত সদস্যদের নিয়ে তিনি সরকার গঠন করবেন। কিন্তু নির্বাচনে কিবাকিকে বিজয়ী ঘোষণা এবং তার শপথ নেওয়ার পরপরই রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ শুরু করে বিরোধী নেতাকর্মীরা। তাদের দাবি নির্বাচনে জালিয়াতি হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। কেনিয়ার নেশন টেলিভিশন সহিংসতায় হতাহতের সংখ্যা জানায়। নায়ানজা প্রদেশের কিছি শহরে সহিংসতা হয়েছে। নায়ানজা বিরোধী দলীয় নেতা রায়লা ওদিংগার নিজের এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৪ ঘ.