জেরুজালেম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে নিহতের সংখ্যা ২০০৭ সালে অনেক কমেছে। কিন্তু গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকারের অপব্যবহার বেড়েছে। ইসরায়েলের এক মানবাধিকার সংস্থা সোমবার একথা বলেছে।
সংস্থাটি জানায়, ইসরায়েণি সেনারা ২০০৭ সালের ২৯ ডিসেম্বর নাগাদ গাজা ও পশ্চিম তীরে ৩৭৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। অথচ তার আগের বছর এই সংখ্যা ছিল ৬৫৭ জন। মানবাধিকার সংস্থা বি'সেলেম তাদের বার্ষিক প্রতিবেদনে একথা জানায়।
সংস্থাটি জানায়, নিহতদের ৩৫ শতাংশই নিরীহ মানুষ। তবে ২০০৬ সালের তুলনায় এ সংখ্যা কম।
অন্যদিকে, এ বছর ফিলিস্তিনিরা মাত্র ৭ জন ইসরায়েলি নাগরিক এবং ৬ সেনাকে হত্যা করেছে। ২০০০ সালে ফিলিস্তিনি ইন্তিফাদা আন্দোলন শুরুর পর থেকে এ সংখ্যা সবচে কম। ২০০৬ সালে ইসরায়েলি নাগরিক নিহতের সংখ্যা ছিল ১৭ জন।
২০০৭ সালে ফিলিস্তিন ও ইসরায়েলি নিহতের সংখ্যা কমে এলেও ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতি খারাপের দিকে গেছে। গাজায় ইসরায়েলের অবরোধ, ইহুদি বসতিস্থাপনকারীদের সংখ্যা বৃদ্ধি এবং বিনাবিচারে আটক ফিলিস্তিনিদের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০০ঘ.
bdnews24