ইসলামাবাদ, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে নির্ধারিত ৮ জানুয়ারির নির্বাচন ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সাবেক ক্ষমতাসীন দলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)
পাকিস্তান মুসলিম লীগ (কিউ) এর ঊর্ধ্বতন কর্মকর্তা তারিক আজিম খান বলেন, "নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। নির্বাচন ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে যেতে পারে।"
গত মাসে মুশাররফ তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগ পর্যন্ত শাসনক্ষমতায় ছিল পাকিস্তান মুসলিম লীগ (কিউ)।
পাকিস্তানের নির্বাচন কমিশন সোমবার এক জরুরি বৈঠকে বসবে। ওই বৈঠকেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।
প্রয়াত বেনজিরের দল পিপিপি উত্তরসূরী নির্বাচন এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রোববার জরুরি বৈঠকে বসার মাঝেই নির্বাচন পিছানোর এই সম্ভাবনার কথা জানালেন তারিক আজিম।
আততায়ীর হাতে বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যু গভীর সঙ্কটে ফেলে দিয়েছে পাকিস্তানকে। ৬০ বছরের ইতিহাসে পাকিস্তান এমন সঙ্কটে আর পড়েনি বলে মনে করছেন অনেকে। জনঅসন্তোষ সৃষ্টির পাশাপাশি হুমকির মুখে পড়েছে আগামী মাসের নির্ধারিত সাধারণ নির্বাচন।
বিশ্লেষকদের ধারণা করছিলেন, দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক চাপের মুখে পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগকারী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আবারও কিছু দিনের জন্য জরুরি অবস্থা জারি এবং ৮ জানুয়ারির নির্ধারিত নির্বাচন বাতিল বা ন্যূনতম পক্ষে স্থগিত ঘোষণা করতে পারেন।
এছাড়া, বৃহস্পতিবার বেনজিরের মৃত্যুর পরপরই পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আসন্ন নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মুশাররফকে পদত্যাগের আহ্বান জানানোয় পুরো নির্বাচনী প্রক্রিয়াই পড়েছে বিশৃঙ্খলার মধ্যে।
এ বিষয়ে লন্ডনের 'চাথাম হাউস' অ্যানালাইসিস গ্র"পের অ্যাসোসিয়েট ফেলো ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ ফারজানা শেখ বলেন, "এখন এটা মনে করাই যুক্তিসঙ্গত যে নির্বাচন হতে পারবে না।"
তিনি বলেন, "নির্বাচনী প্রক্রিয়ার মৃত্যু হয়েছে তার পথেই। আমি মনে করি সত্যিকারেই এ সম্ভাবনা রয়েছে যে মুশাররফ এ সিদ্ধান্ত নেবেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আবারও তার জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।"
পাকিস্তানিরাও অনেকেই মনে করছেন, পরিস্থিতি এখন নির্বাচনের অনুকূল নয়। তা অন্তত তিনমাস পেছানো উচিত। অনেকের মতে, রাজনৈতিক দলগুলোর নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতেও কিছু সময় লাগবে।
ফারজানা বলেন, আফগানিস্তানের জঙ্গিবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। আর এর মধ্য দিয়ে এমন একটি অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে অঞ্চলটি পাকিস্তান এবং তার প্রতিবেশী পরমাণু অস্ত্রসমৃদ্ধ ভারতের মধ্যকার তিন তিনটি যুদ্ধের সাক্ষী।
তিনি বলেন, "১৯৪৭ সালের পর এটাই পাকিস্তানের প্রথম সঙ্কট নয়। তবে আমি বলতে চাই, এটাই আমাদের দেখা সবচেয়ে গভীর সঙ্কট।"
বৃহস্পতিবার পাকিস্তানের গ্যারিসন শহর রওয়ালপিন্ডির এক জনসমাবেশ শেষে সমন্বিত গুলি ও আত্মঘাতী বোমা হামলায় আহত হয়ে হাসপতালে মারা যান ৫৪ বছর বয়সী বেনজির।
মুশাররফের অপর প্রতিদ্বন্দ্বী নওয়াজের সমর্থকদের ওপর হামলার কয়েক ঘণ্টা বাদে বেনজিরকে লক্ষ্য করে চালানো এ হামলায় নিহত হয় আরও ১৫ জন। নওয়াজের সমর্থকদের ওপর বন্দুকধারীদের ওই হামলায় নিহত হয় তিনজন।
সম্ভাব্য হামলাকারী হিসাবে আল কায়েদা এবং তালেবানসহ পাকিস্তানের চরমপন্থি সংগঠনগুলোর নাম এলেও বিশ্লেষকরা বলছেন, বেনজিরের রাজনৈতিক প্রতিপক্ষ এবং মুশাররফের ঘনিষ্ঠ রাজনৈতিক দলকে সন্দেহর তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না।
লন্ডনভিত্তিক নিরাপত্তা ও গোয়েন্দা থিংক ট্যাংক 'এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশন' এর নির্বাহী পরিচালক এম জে গোহেল বলেন, "হামলার পেছনে কারা ছিলেন তা বের করা খুবই কষ্টকর। আল কায়েদা এবং তালেবান ছাড়াও এখনও আরও অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে। সেনবাহিনী এবং গোয়েন্দা সংগঠনগুলোর মধ্যেও অনেকে আছেন যাদের সঙ্গে কখনোই বেনজিরের ভাল সম্পর্ক ছিল না।"
গোহেল বলেন, "অবশ্যই এখানে রাজনৈতিক প্রতিপক্ষরাও রয়েছে। সবাই জানে পাকিস্তানে তার অসংখ্য শত্র" রয়েছে।"
'চাথাম হাউস' এর ফারজানা এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন যে বেনজির নিহত হয়েছেন রাওয়ালপিন্ডিতে। যে এলাকাটি পাকিস্তানের জঙ্গি অধুষ্যিত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে অনেক দূরের।
ফারজানা বলেন, "আর তাই এ প্রশ্নটা উঠবে যে সরকারি পর্যায় থেকে এমন কিছু অবহেলা হয়েছে যা ওই হামলার পথ পরিষ্কার করেছিল। এ ধরনের ঘটনার ফলে এ প্রশ্ন খুবই প্রাসঙ্গিক যে এ ঘটনায় সরকারিভাবে পরোক্ষভাবে কোনো ধরনের সহায়তা করা হয়েছিল কি-না।"
বেনজির হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী ও বেনজিরের বিক্ষুব্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফলে জটিলতা বাড়ার সম্ভাবনা অনেক । এখন সহিংসতা আরও বাড়াবে। মুশাররফ আবারও জরুরি অবস্থা জারি করলে আরও বেশি দমনাভিযান এবং প্রতিবাদ-বিক্ষোভ হবে। আবার নির্বাচন না হলেও রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। ইসলামি চরমপন্থিরা এই সুযোগে নৈরাশ্য সৃষ্টির চেষ্টা নিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৫ ঘ.
bdnews24