করাচি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের মধ্য পাঞ্জাব প্রদেশে রোববার সকালে সন্দেহভাজন দুই আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে। পুলিশ ধারণা করছে, সাবেক সেনাশাসক জেনারেল জিয়া-উল-হকের ছেলে ও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সরকারের সাবেক মন্ত্রী ইজাজ-উল-হকের ওপর তারা হামলা চালাতে চেয়েছিল। কিন্তু হামলা চালানোর আগেই তাদের কাছে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়ে তারা নিহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর রোববার সকালে দক্ষিণ পাঞ্জাবে এ ঘটনা ঘটল।
বেনজির নিহত হওয়ার পর পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের ধারণা মুশাররফ সরকারের সাবেক ধর্ম মন্ত্রী মোহাম্মাদ ইজাজ-উল-হক ওই দুই সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর টার্গেট ছিলেন। ইজাজ-উল-হক আগের রাতে যে বাড়িতে ছিলেন তার থেকে মাত্র দুইশ' মিটারের মধ্যে বিস্ফোরণটি হয়েছে।
পার্শ্ববর্তী ভাওয়ালনগর জেলা পুলিশ প্রধান জাফর আব্বাস রয়টার্সকে টেলিফোনে বলেন, "আমার ধারণা ইজাজ-উল-হককে হত্যার করার জন্য তারা সেখানে গিয়েছিল। তিনি আগের দিন ওই এলাকায় গিয়েছিলেন।"
পুলিশ বিস্ফোরণস্থল থেকে ছিন্ন ভিন্ন দেহাবশেষ এবং একটি বিধ্বস্ত মটরসাইকেল উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ, হয় তারা কোনো দুর্ঘটনায় পড়েছিল নতুবা মটরসাইকেলটি থেকে পড়ে গিয়েছিল। যার ফলে বিস্ফোরক বিস্ফোরিত হয়ে যায়।
অপর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা দুটি ছিন্ন মস্তক উদ্ধার করেছে। তবে সেগুলো দেখে কাউকে সনাক্ত করা যাচ্ছে না। মানে হচ্ছে একজনের বয়স ৪০ এর কাছাকাছি এবং অন্যজন তরুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৩৪১ ঘ.
bdnews24