ইসলামাবাদ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল রোববার মায়ের উইল পড়ে শোনাবেন। সেখানে হয়তো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বেনজিরের ইচ্ছার কথা থাকবে। এই উপমহাদেশের বাস্তবতা অনুযায়ী, ভূট্টো পরিবারের কেউ দলের হাল ধরবেন এটা ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ১৯ বছরের এই তরুণের বয়স পাকিস্তানের মতো একটি সমস্যাসঙ্কুল দেশের সবচেয়ে বড় দলের নেতা হওয়ার জন্য একেবারেই কম।
৮ বছরের সামরিক শাসনের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার জন্য পাকিস্তানের গণতন্ত্রকামীরা যখন সংঘবদ্ধ হচ্ছিলেন তখনই বেনজিরকে হত্যা করা হলো। আর আল কায়েদাপন্থী জঙ্গিরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের 'সন্ত্রাসবিরোধী জোট' ভাঙতে সক্রিয় হয়ে উঠেছে।
৮ জানুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও এই পরিস্থিতিতে নির্বাচন পেছানোর সম্ভাবনা যথেষ্ট।
বেনজিরকে হারিয়ে তার দল পাকিস্তান পিপলস পার্টির অবস্থা এখন অনেকটাই ছন্নছাড়া। আপাতত দলটির ক্ষমতা দৃশ্যতঃ বেনজিরের স্বামী আসিফ আলী জারদারির হাতেই । ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি অনুযায়ী, ভুট্টো পরিবার থেকেই দলের ভবিষ্যৎ কাণ্ডারী উঠে আসবে এমন ধারণাই সবচেয়ে জনপ্রিয়। কিন্তু নিতান্তই তরুণ বিলাওয়ালের পক্ষে কী সেই দায়িত্ব নেওয়া এখনই সম্ভব?
লাহের নিবাসী রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারী রিজভী বলেন, "এই মুহূর্তে ভুট্টো পরিবারে এমন কাউকে পাওয়া যাচ্ছে না যে পিপিপিতে বেনজিরের উত্তরসূরী হতে পারে। এই পরিবারের জন্য এটি খুবই অনিশ্চিত একটি সময়।"
পিপিপির নতুন নেতৃত্ব মনোনয়নের জন্য দলটির শীর্ষ নেতারা রোববার বসবেন। দক্ষিণ পাকিস্তানের নাওদেরোতে ভুট্টোর নিজের বাড়িতে এই বৈঠক হবে। আসছে নির্বাচনে দলের অবস্থান নিয়েও আলোচনা করবেন পিপিপি নেতারা।
শনিবার বিবিসি জারদারির কাছে জানতে চেয়েছিল, তিনি পিপিপির নেতৃত্ব নিতে আগ্রহী কি না। জবাবে তিনি বলেন, "এটা নির্ভর করছে দলের সিদ্ধান্ত আর বেনজিরের উইলে কী লেখা আছে তার ওপর। আমার ছেলে দলের বৈঠকে উইলটি পড়ে শোনাবে।"
অক্সফোর্ডের আইনের ছাত্র দীর্ঘকায় বিলাওয়ালকে বাদ দিলে জারদারি অথবা বেনজিরের প্রধান সহযোগী মখদুম আমিন ফাহিমের মধ্যে কোনো একজনকে বেছে নেওয়ার সুযোগ থাকছে পিপিপি নেতাদের সামনে। তবে বেনজিরের উইল ও শীর্ষ নেতাদের পছন্দে দলের নেতৃত্ব যদি শেষ পর্যন্ত বিলাওয়ালের ওপরই বর্তায় তাহলেও দলের ক্ষমতা কার্যত জারদারির হাতেই থাকবে।
আট বছর কারাগারে কাটিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসার পর জারদারি দলের ভেতরে যথেষ্ট সম্মান আশা করতেই পারেন, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি দলের ভেতরেও কেউ কেউ তার বিরুদ্ধে বেনজিরের নাম ভাঙিয়ে বহু অনিয়মের অভিযোগ এনে থাকেন।
১৯৬০ সালে পিপিপি যখন গঠিত হয়, তখনো পাকিস্তানে সেনাশাসন চলছে। তবে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে দলটি সবসময়ই গণতন্ত্রের পক্ষে রাজনীতি করেছে। আর এ কারণে অল্প সময়ের মধ্যে পিপিপি পরিণত হয় দেশটির সবচেয়ে বড় দলে। গণতন্ত্রের জন্য অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়েই দলটি আজকের অবস্থানে এসেছে। দলের প্রতিষ্ঠাতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৯ সালে যে মামলায় ফাঁসিতে ঝোলানো হয়, সেটিকে একটি রাজনৈতিক মামলাই বলা হয়ে থাকে ।
পাকিস্তানের ডেইলি টাইমসের রাজনৈতিক বিশ্লেষক নাজাম শেঠি বলেন, "এসব কারণে দলটির প্রতিটি কর্মীই জানেন যে তাদেরকে ভুট্টোর নামটি আঁকড়ে ধরেই থাকতে হবে। আর ভুট্টো পরিবারের রাজনৈতিক ঐতিহ্য বাদ দিলে তারা আসলে কেউ না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এসকে/০১৫৫ঘ.
bdnews24