করাচি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার জের ধরে পাকিস্তানে সহিংসতা অব্যাহত রয়েছে। শনিবার হায়দ্রাবাদে বিক্ষুব্ধ জনতার ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বেনজিরের দলের দ্ইু কর্মী। এছাড়া বন্দুকধারীরা দলের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে এবং করাচিতে অন্য একটি ঘটনায় গুলিতে আরও চারজন নিহত হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। এদিকে, সরকার বেনজির হত্যার জন্য আল-কায়েদাকে দায়ি করলেও তারা তা অস্বীকার করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, তাদের গোয়েন্দারা প্রমাণ পেয়েছে, বেনজিরের হত্যার পেছনে আল-কায়েদার হাত রয়েছে। কিন্তু শনিবার আল-কায়েদার এক মুখপাত্র ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।
সরকার হত্যাকাণ্ডের দায় আল-কায়েদার ওপর চাপালেও তা মেনে নেয়নি বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা অভিযোগ করেছে তাদের নেত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ মুশাররফ প্রশাসনই তার হত্যার জন্য দায়ী। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা এখন আল-কায়েদাকে দায়ী করছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপি জানিয়েছে, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, এই দুঃসময়ে যারা লুটতরাজ করছে তাদের ব্যপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বেনজির হত্যাকাণ্ডের পর ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতা শনিবারও অব্যাহত আছে। শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতা কায়েকটি শহরে গাড়ি, দোকান-পাট ও বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে।
এছাড়া করাচিতে বন্দুকধারীরা বেনজিরের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে। ২৭ বছর বয়স্ক ওই ব্যাক্তির পরনে ছিল পিপিপির লাল, সবুজ ও কালো তিন রঙের পতাকা দিয়ে তৈরি জোব্বা।
সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শওকত আলী শাহ বলেন, "মুখোশ পরা দুই বন্দুকধারী একটি গাড়ি নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিল। নিহত ব্যক্তি তাদের কাছাকাছি এলে তারা গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, ওই নিহত ব্যাক্তি বেনজিরের দাফন শেষে ফিরছিলেন। এ সময় সে 'ভুট্টো মহান' এই শ্লোগান দেওয়ার পরপরই তাকে গুলি করে বন্দুকধারীরা।
সকাল হওয়ার একটু আগে হায়দ্রাবাদ শহরের কাছে পিপিপির প্রায় ৪শ' কর্মী বেনজিরের ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। তারা একটি ফিলিং স্টেশনে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের তাদের ওপর গুলি করে। হায়দ্রাবাদে দেখামাত্র পুলিশকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা শওকত আলী শাহ বলেন, "জনতাকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা অগ্রাহ্য করায় গুলি করা হয়। এতে দুজন নিহত হয়।"
সবচেয়ে বিক্ষুব্ধ সিন্ধু প্রদেশের রাজধানী করচিতে অন্য একটি ঘটনায় আরও চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে হাসপাতাল সূত্র জানিয়েছে। এতে আহত হয় আরও সাত জন।
গত বৃস্পতিবার আত্মঘাতি বোমা হামলায় বেনজির নিহত হওয়ার পর ছড়িয়ে পড়া সংঘর্ষে নিহতের সংখ্যা এ নিয়ে ৪৪ এ পৌঁছাল।
করাচির ব্যাবসায়ী ৩৬ বছর বয়স্ক আলী খান বলেন, "আমার এলাকা ক্লিনটফের চারপাশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সবকিছুতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দোকান-পাট লুট করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৮২৮ ঘ.
bdnews24