২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সহিংসতা অব্যাহত, করাচিতে বেনজির সমর্থককে গুলি

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার জের ধরে পাকিস্তানে সহিংসতা অব্যাহত রয়েছে। শনিবার করাচিতে বেনজিরের দলের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এদিকে, সরকার বেনজির হত্যার জন্য আল-কায়েদাকে দায়ি করলেও তারা তা অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার জের ধরে পাকিস্তানে সহিংসতা অব্যাহত রয়েছে। শনিবার করাচিতে বেনজিরের দলের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এদিকে, সরকার বেনজির হত্যার জন্য আল-কায়েদাকে দায়ি করলেও তারা তা অস্বীকার করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, তাদের গোয়েন্দারা প্রমাণ পেয়েছে, বেনজিরের হত্যার পেছনে আল-কায়েদার হাত রয়েছে। কিন্তু শনিবার আল-কায়েদার এক মুখপাত্র ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। সরকার হত্যাকাণ্ডের দায় আল-কায়েদার ওপর চাপালেও তা মেনে নেয়নি বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা অভিযোগ করেছে তাদের নেত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ মুশাররফ প্রশাসনই তার হত্যার জন্য দায়ী। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা এখন আল-কায়েদাকে দায়ী করছে। এদিকে, বেনজির হত্যাকাণ্ডের পর ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতা শনিবারও অব্যাহত আছে। শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতা কায়েকটি শহরে গাড়ি, দোকান-পাট ও বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। এছাড়া করাচিতে বন্দুকধারীরা বেনজিরের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে। ২৭ বছর বয়স্ক ওই ব্যাক্তির পরনে ছিল পিপিপির লাল, সবুজ ও কালো তিন রঙের পতাকা দিয়ে তৈরি জোব্বা। গত বৃস্পতিবার আত্মঘাতি বোমা হামলায় বেনজির নিহত হওয়ার পর ছড়িয়ে পড়া সংঘর্ষে নিহতের সংখ্যা এ নিয়ে ৩৩ এ পৌঁছাল। পুলিশ জানিয়েছে, ওই নিহত ব্যাক্তি বেনজিরের দাফন শেষে ফিরছিলেন। এ সময় সে 'ভুট্টো মহান' এই শ্লোগান দেওয়ার পরপরই তাকে গুলি করে বন্দুকধারীরা। করাচির ব্যাবসায়ী ৩৬ বছর বয়স্ক আলী খান বলেন, "আমার এলাকা ক্লিনটফের চারপাশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সবকিছুতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দোকান-পাট লুট করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এজে/১৭২২ ঘ.