ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনজির ভুট্টোকে যখন শুক্রবার লারকানার ঘুরি খোদা বকস্ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হচ্ছে ঠিক তখন হায়দ্রাবাদে ক্ষোভ আর শোকে উন্মাতাল সমর্থকদের দমাতে গুলি চালাতে হয়েছে পুলিশকে।
দাঙ্গা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের শহরে শহরে । অবস্থা এমনই যে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ -সংঘর্ষে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। (সমন্বিত)
বিশ্লেষকরা বলছেন, বেনজির হত্যাকাণ্ড পাকিস্তানকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও দৃশ্যত তাতে কাজ হচ্ছে কমই। বেনজির সমর্থকদের ক্ষোভের আগুন কমছে না। কর্মকর্তারা বলেছেন, সহিংস ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
পাকিস্তান সরকার জঙ্গি গোষ্ঠী আল কায়েদাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করলেও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফই জনরোষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
এদিকে বেনজিরের মৃত্যু দেশটির আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও সংশয় সৃষ্টি করেছে। বেনজিরের সঙ্গে দীর্ঘদিনের বৈরীতা থাকলেও মুশাররফবিরোধী আন্দোলনের সূত্রে কাছাকাছি আসা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফ ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে এক নির্বাচনী সমাবেশ শেষে বের হয়ে যাওয়ার সময় গুলি ছুঁড়ে ও আত্মঘাতী বোমা হামলা চালিয়ে পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত হন কমপক্ষে ২০ জন।
চিরনিদ্রায় শায়িত বেনজির
লাখো মানুষের মাতমের মধ্যে শুক্রবার বিকালে সিন্ধু প্রদেশে বাবা জুলফিকার আলী ভুট্টোর পাশে দাফন করা হয় বেনজির ভুট্টোকে।
দুপুরে হেলিকপ্টারে করে তার কফিন লারকানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বেনজিরকে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় তার বাড়িতে।
বেনজিরের কফিন বাড়িতে প্রবেশের সময় জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে স্বামী আসিফ জারদারি বলেন, "ধৈর্য ধরুন। এই শোক কাটিয়ে উঠতে আমাদের সাহস যোগান।"
বেনজিরের মরদেহ পৌঁছানোর পর হাজার হাজার শোকার্ত সমর্থকের আহাজারিতে ভারি হয়ে ওঠে ঘুরি খোদা বকস্রে বাতাস। বেনজিরকে শেষবারের মতো দেখার পর স্বজনদের চোখ বেয়ে নেমে শোক আর ক্ষোভের তপ্ত জল।
শোকের মাতমের মধ্য দিয়ে পাকিস্তান পিপলস পার্টির লাল, সবুজ ও কালো পতাকায় মোড়া বেনজিরের কফিন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় পারিবারিক কবরস্থানে। কফিনের সঙ্গে ছিলেন তার স্বামী জারদারি ও তিন সন্তান।
বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তা ফারজানা রাজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "যারা পাকিস্তানকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ কাজ করেছে। তারা ভুট্টো পরিবারকে শেষ করে দিল।"
দিকে দিকে বিক্ষোভ, পুলিশের গুলি
বেনজিরের মৃত্যুকে কেন্দ্র করে পাকিস্তান ক্রমেই অশান্ত হয়ে উঠছে। শুক্রবারও বিক্ষোভ-প্রতিবাদে রাস্তায় নেমেছে ক্ষুব্ধ সমর্থকরা। সিন্ধু প্রদেশে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। প্রদেশটির হায়দ্রাবাদে পুলিশের গুলিতে আহত হয়েছে ৫ বিক্ষোভকারী।
বেনজির হত্যাকাণ্ডকে ঘিরে সমর্থকদের বিক্ষোভ ক্রমেই তীব্রতর হতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল কাদির সুম্মো।
এর আগে শুক্রবার সকালে করাচিতে বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ নিহত ও আরও ৩ জন আহত হওয়ার পর 'দেখামাত্র গুলির' এই নির্দেশ দেওয়া হয়। সিন্ধুর প্রাদেশিক মন্ত্রী আখতার জামান রয়টার্সকে বলেন, "হ্যাঁ, মানুষের জানমালের ক্ষতি করতে চায় এমন কাউকে দেখামাত্র গুলি করা হবে।"
করাচিসহ সিন্ধুর বড় শহরগুলো শুক্রবার সকাল থেকেই জনশূন্য হয়ে পড়ে। সারাদিন প্রায় সব দোকানপাট বন্ধ থাকে এবং রাস্তায় কঠোর পুলিশি পাহারা দেখা যায়। রাস্তায় কোনো যানবাহন চলাচল করেনি। রেল স্টেশন ও বিমানবন্দর থেকে মালপত্র মাথায় করে গন্তব্যে রওনা হয়েছে মানুষ।
করাচির পুলিশ কর্মকর্তা আজাহার আলী ফারুকী বলেন, "গতরাতের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অনেক দোকান-পাট, সরকারি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কিন্তু মানুষের অপ্রতিরোধ্য আবেগ রুখতে পারছি না।"
বেনজিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার রাতে দেশজুড়ে বিক্ষোভ সংঘর্ষ শুরু হয়। সবচেয়ে বেশি বিক্ষোভ হয় বেনজিরের নিজের সিন্ধু প্রদেশে। সেখানে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তরুণ বিক্ষোভকারীরা শুক্রবারও গাড়ির টায়ার জ্বালিয়ে লারকানার চারদিকের রাস্তা অবরোধ করে রাখে।
রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও পাকিস্তান- নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদেও মুশাররফবিরোধী বিচ্ছিন্ন বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ -সংঘর্ষে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে।
'আল কায়েদার' দায় স্বীকার
আফগানিস্তানের আল-কায়েদা নেতা মুস্তফা আবু আল-ইয়াজিদের বরাত দিয়ে ইতালীয় সংবাদ সংস্থা আদনক্রোনস ইন্টারন্যাশনাল (একেআই) জানিয়েছে, আল কায়েদার এক আত্মঘাতী সদস্যই বেনজিরকে হত্যা করেছে।
মুস্তফা বৃহস্পতিবার রাতে অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে একেআইকে বলেন, "মুজাহিদীনদের পর্যদুস্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমেরিকার সবচেয়ে মূল্যবান সম্পদকে খতম করেছি আমরা।"
তিনি আরো দাবি করেন, আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির নির্দেশে বেনজির ভুট্টোকে হত্যার পরিকল্পনা করা হয়। লস্কর-ই-জঙ্গভি দলের এক পাঞ্জাবি স্বেচ্ছাসেবক এই হামলায় অংশ নেন এবং বেনজিরকে হত্যা করেন।
এদিকে শুক্রবার রাতে পাকিস্তান সরকার জানিয়েছে, বেনজির হত্যাকাণ্ডের পেছনে আল কায়েদার জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবেদ ইকবাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, " তাদের গোপন যোগাযোগের যে তথ্য আমরা হস্তগত করতে পেরেছি তাতে মনে হচ্ছে আল কায়েদা নেতা বায়তুল্লা মাসুদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।"
খাদের কিনারে পাকিস্তান
বেনজির ভুট্টোর আকস্মিক মৃত্যু গভীর সঙ্কটে ফেলে দিয়েছে পাকিস্তানকে। গণ অসন্তোষের মুখে আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়েছে। ৬০ বছরের ইতিহাসে পাকিস্তান এমন সঙ্কটে আর পড়েনি বলে মনে করছেন অনেকে।
বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক চাপের মুখে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগকারী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আবারও কিছু দিনের জন্য জরুরি অবস্থা জারি এবং ৮ জানুয়ারির নির্ধারিত নির্বাচন বাতিল বা স্থগিত ঘোষণা করতে পারেন। যদিও পাকিস্তানের র্র্অন্তবতী প্রধানমন্ত্রী মোহাম্মাদ মিয়া সুম্রো শুক্রবার বলেছেন, ৮ জানুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
বৃহস্পতিবার বেনজিরের মৃত্যুর পরপরই পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আসন্ন নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট মুশাররফকে পদত্যাগের আহ্বান জানানোয় অনিশ্চয়তা আরো গভীর হয়েছে।
এ বিষয়ে লন্ডনের 'চ্যাথাম হাউস' অ্যানালাইসিস গ্র"পের অ্যাসোসিয়েট ফেলো ও পাকিস্তান বিশেষজ্ঞ ফারজানা শেখ বলেন, "এখন এটা মনে করাই যুক্তিসঙ্গত যে নির্বাচন হবে না।"
তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মৃত্যু হয়েছে অনেক আগেই। আমি মনে করি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানে আবারও জরুরি অবস্থা জারির সম্ভাবনাই বেশি।"
তিনি আরো বলেন, "১৯৪৭ সালের পর এটাই পাকিস্তানের প্রথম সঙ্কট নয়। তবে আমি বলতে চাই, এটাই আমাদের দেখা সবচেয়ে গভীর সঙ্কট।"
লন্ডনভিত্তিক নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা 'এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশন' এর নির্বাহী পরিচালক এম জে গোহেল বলেন "আমরা মনে করছি নির্বাচন না হলে পাকিস্তানে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে। আর সেক্ষেত্রে ইসলামী চরমপন্থিরা এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে।"
তিনি বলেন, "পাকিস্তান এমন একটি দেশ যেখানে আল কায়েদা ও তালেবান জঙ্গিরা সক্রিয়। তাছাড়া পাকিস্তানের পরমাণু অস্ত্র ও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। আর এসব বিষয়ই পশ্চিমা ও বিশ্ব স
bdnews24