কাবুল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বহিস্কারাদেশ পেয়ে বৃহস্পতিবার আফগানিস্তান ত্যাগ করেছেন মানবিক ত্রাণ সাহায্য মিশনের দুই বিদেশি কর্মকর্তা। বহিস্কার হওয়া দুজনের একজন জাতিসংঘ এবং অন্যজন ইইউ এর কর্মকর্তা। তালেবানদের সঙ্গে কথা বলা এবং ওই দলকে অর্থ সহায়তা দেওয়ার জন্য ওই দুই কর্মকর্তাকে বহিস্কার করে আফগান সরকার।
এ ঘটনায় ত্রাণসংস্থাগুলোর সঙ্গে আফগান সরকারের কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। অভিজ্ঞ দুই কর্মকর্তা বহিস্কার হওয়ার ফলে আফগানিস্তানে পুনর্গঠন এবং উন্নয়ন কর্মসূচি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জাতিসংঘের মুখপাত্র আলিম সিদ্দিক জানান, জাতিসংঘ কর্মকর্তা বৃহস্পতিবার সকালের ফ্লাইটে আফগানিস্তান ত্যাগ করেছেন। ওই একই ফ্লাইটে আফগানিস্তান ছেড়েছেন ইইউ কর্মকর্তাও। কাবুলের কূটনীতিকরা এ খবর নিশ্চিত করেছেন।
কোনো সংগঠনই বহিস্কার হওয়া দুই কর্মকর্তার নাম জানায়নি। তবে সবাই জানে যে, কাবুলে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন মিশেল স্যাম্পেল এবং মারভিন প্যাটারসন।
স্যাম্পেল ব্রিটিশ কর্মকর্তা এবং প্যাটারসন হচ্ছেন আইরিশ। হেলমান্দ প্রদেশে তালেবানদের সঙ্গে কথা বলার অভিযোগে আফগান সরকার গত সপ্তাহে তাদেরকে বহিস্কারাদেশ দেয়।
তবে ইইউ ও জাতিসংঘের ওই দুই কর্মকর্তা অবশ্য বলছেন, তারা কেবলমাত্র স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলেছিলেন। পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝির কারণে ঘটে গেছে বলে তারা বর্ণনা করেন।
উল্লেখ্য, হেলমান্দ প্রদেশ তালেবানদের আখড়া। জাতিসংঘের মুখপাত্র সিদ্দিক বলেন, "আমাদের কাজের ধরনের কারণেই হেলমান্দে মাঠ পর্যায়ের লোকের সঙ্গে আমাদের কথা বলার প্রয়োজন পড়ে। আফগানিস্তানে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে কাজ করতে হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ঘ.
bdnews24