২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পিকেকের ৮টি ঘাঁটিতে বিমান হামলার দাবি জানিয়েছে তুরস্ক

তুরস্কের যুদ্ধবিমান বুধবার উত্তর ইরাকের পিকেকে গেরিলাদের ৮টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী একথা জানিয়েছে। প্রসঙ্গত, গত শনিবার, রোববার এবং মঙ্গলবারও উত্তর ইরাকে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

আঙ্কারা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের যুদ্ধবিমান বুধবার উত্তর ইরাকের পিকেকে গেরিলাদের ৮টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী একথা জানিয়েছে। প্রসঙ্গত, গত শনিবার, রোববার এবং মঙ্গলবারও উত্তর ইরাকে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। বিবৃতিতে তারা আরও জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি'র (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের ভেতরে এবং সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে তাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে মঙ্গলবার তুরস্কের সেনাবাহিনী দাবি জানায়, উত্তর ইরাকে ১৬ ডিসেম্বরে বড় ধরনের সেনা অভিযানে ১৫০ থেকে ১৭৫ জন পিকেকে গেরিলা নিহত হয়েছে। সীমানা পেরিয়ে ইরাকের অভ্যন্তরে ওইদিনই প্রথম বড় ধরনের হামলা চালায় তুরস্ক। পিকেকে গেরিলাদের ওপর ওই হামলায় অংশ নেয় ৫০ টি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই ওই হামলা চালানো হয়েছিল বলে তুরস্ক দাবি করে। একদিনের ওই অভিযানে পিকেকে গেরিলাদের তিনটি কমান্ড কেন্দ্রসহ ২০০ টি লক্ষ্যস্থল এবং দুটো যোগাযোগ কেন্দ্রসহ ২টি প্রশিক্ষণ শিবির, ৯টি সামরিক রসদ সরবরাহস্থল, ১৮২ টি গেরিলা কোয়ার্টার এবং ১৪ টি অস্ত্রাগারে আঘাত করা সম্ভব হয় বলে এক বিবৃতিতে দাবি জানায় তুরস্কের জেনারেল স্টাফ ওয়েবসাইট। বিবৃতিতে বলা হয়, সবগুলো লক্ষ্যেই সঠিকভাবে আঘাত করা হয়েছে। উন্নতমানের গেরিলা ঘাঁটি অনুসন্ধান যন্ত্র এবং হামলা নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে এ অভিযান চালানো হয়। জেনারেল স্টাফ জানায়, আহত অনেক পিকেকে সদস্যকে উত্তর ইরাকের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আর নিহত হয়েছে ১৫০ থেকে ১৭৫ জন গেরিলা। এছাড়া ঘাঁটি ও গুহায় অবস্থানরত আরও অনেক গেরিলা মারা গিয়ে থাকতে পারে বলে জানায় জেনারেল স্টাফ। উল্লেখ্য, উত্তর ইরাকের বিচিছন্নতাবাদী পিকেকে গেরিলাদের নির্মূলে সেনাশক্তি ব্যবহারের অধিকার আছে বলে দাবি করে আসছে তুরস্ক। পাশপাশি গত কয়েক সপ্তাহে তারা উত্তর ইরাকের হামলা জোরদার করেছে। ধারণা করা হয়, তুরস্কের এসব হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। কেননা, এসব হামলা চালাতে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা তুরস্কের জন্য ওই অঞ্চলের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে। অবশ্য, ইরাকি ও মার্কিন কর্মকর্তারা সীমিত আকারে উত্তর ইরাকে হামলা চালানোর আহ্বান জানিয়ে আসছে। কেননা, তাদের আশঙ্কা, বড় ধরনের হামলায় অস্থিতিশীল হয়ে উঠতে পারে ইরাকের অপেক্ষকৃত স্থিতিশীল এ এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৬০০ ঘ.