২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সুনামির তৃতীয় বার্ষিকী পালন

তিন বছর আগে এদিনে প্রলয়ংকরী সুনামিতে নিহত আত্মীয়-স্বজনের স্মরণে বুধবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের গণকবরগুলোতে শত শত লোক প্রার্থনা করেছে। এছাড়া, সুনামির তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে ভূমিকম্পকালীন মহড়া। এতে অংশ নেয় হাজার হাজার কারখানা শ্রমিক এবং গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

কালাং, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিন বছর আগে এদিনে প্রলয়ংকরী সুনামিতে নিহত আত্মীয়-স্বজনের স্মরণে বুধবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের গণকবরগুলোতে শত শত লোক প্রার্থনা করেছে। এছাড়া, সুনামির তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে দেশটিতে অনুষ্ঠিত হয়েছে ভূমিকম্পকালীন মহড়া। এতে অংশ নেয় হাজার হাজার কারখানা শ্রমিক এবং গ্রামবাসী। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরের তলদেশে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছাস প্রচণ্ড গতি নিয়ে আছড়ে পড়ে ভারত মাহাসাগরের উপকূলবর্তী এলাকাগুলোয়। এতে নিহত বা নিখোঁজ হয় বিভিন্ন দেশের প্রায় দুই লাখ ৩০ হাজার লোক। ভয়াবহ ওই সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ। নিহত বা নিখোঁজ হয় সেখানকার প্রায় এক লাখ ৭০ হাজার বাসিন্দা। এছাড়া, ক্ষতি হয় কোটি কোটি ডলার মূল্যের সম্পদের। প্রলয়ঙ্করী ওই সুনামির কবল থেকে বেঁচে যাওয়াদের একজন পশ্চিম আচেহ এলাকার কালাংয়ের কামাল উসমান। বুধবার শত শত কর্মকর্তা ও বাসিন্দার সঙ্গে তিনিও যোগ দেন সেখানে অনুষ্ঠিত এক স্মরণ ও প্রার্থনা অনুষ্ঠানে। রয়টার্সকে তিনি বলেন, "আমরা আক্রান্তদের জন্য প্রার্থনা করছি। যাতে আল্লাহ তাদের ভাল কর্মগুলো গ্রহণ করেন।" ভয়াবহ ওই বিপর্যয়ের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে জাভা উপকূলের উত্তর-পশ্চিমের সিবান্দানে আয়োজন করা হয় আগাম সুনামী সতর্কতার পর করণীয় সংক্রান্ত মহড়া। প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়োনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই মহড়ায় সাইরেনের তালে তালে কারখানা শ্রমিক ও গ্রামবাসীরা পাহাড়সহ নিরাপদ স্থানে চলে যাওয়ার কসরত দেখায়। প্রসঙ্গত, প্রলয়ঙ্করী ওই সুনামির পর ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোতে আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এছাড়া, পরবর্তীতে ওই ধরণের বিপর্যয় এলে তার কবল থেকে বাঁচার পন্থা হিসাবেও দেশগুলোতে মাঝেমধ্যে মহড়া হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪০৭ ঘ.