তেহরান, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ১৯টি পরমাণু জ্বালানি স্থাপনা নির্মাণের জন্য ইরান শিগগিরই একটি আন্তর্জাতিক দরপত্র ঘোষণা করবে। ইরানের একজন সংসদ সদস্যের বরাত দিয়ে সোমবার 'ইরান নিউজ' দৈনিক একথা জানিয়েছে।
রাশিয়া ইরানের এ ধরনের প্রথম স্থাপনায় জ্বালানি সরবরাহ শুরু করার কথা বলার এক সপ্তাহ বাদে এ ঘোষণা দিল বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রফতানিকারক দেশটি।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র কাজেম জালালির বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রত্যেকটি জ্বালানি প্ল্যান্টের এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকবে।
এ বিষয়ে পত্রিকাটি বিস্তারিত আর কিছু জানায়নি।
প্রসঙ্গত, তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিম দেশগুলোর বিরোধ চলছে। পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে পারে ইরান। অন্যদিকে, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24