জেরুজালেম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি বন্দি মুক্তির শর্ত বা বিধিনিষেধ শিথিলের চিন্তা-ভাবনা করছে ইসরায়েল। জেরুজালেমের অধিকৃত অঞ্চলে নতুন ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বিরোধের মাঝে সোমবার দুপক্ষের বৈঠক শুরুর প্রাক্কালে কর্মকর্তারা একথা জানিয়েছেন।
জেরুজালেমের অধিকৃত অঞ্চলে ইসরায়েলের নতুন করে ৭৪০ টি ইহুদি বসতি গড়ার পরিকল্পনা নিয়েছে। এ নিয়ে বিরোধের মাঝেই সোমবার ইসরায়েল-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রে উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনার ২য় দফা বৈঠকে বসার প্রস্তুতি নেয়।
ইসরায়েলের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, বৈঠকের আগে নেতারা ফিলিস্তিনি বন্দি মুক্তির শর্ত শিথিলের চেষ্টা নেবেন। হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শাতিলের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দি মুক্তি সংক্রান্ত চুক্তি করার চেষ্টার অংশ হিসাবেই এই পদক্ষেপ নিচ্ছেন নেতারা।
ইসরায়েলের উপ প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলানি ইসরায়েলি বেতারে বলেছেন, ফিলিস্তিনি আন্দোলনের ফাতাহ দলীয় নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়া হতে পারে। বারঘুতিকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হয়।
আব্বাসের সহযোগীরা বলছেন, "ইসরায়েল স্থবির হয়ে পড়া 'রোডম্যাপ' শান্তি পরিকল্পনার আওতায় অধিকৃত ভূখন্ডে বসতি স্থাপন বন্ধ না করলে সীমান্ত, জেরুজালেমের ভাগ্য এবং ফিলিস্তিনি শরণার্থী ইস্যু নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা শুরু হওয়া সম্ভব নয়।"
মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার রোডম্যাপে ফিলিস্তিনকেও গেরিলা দমনে সক্রিয় হতে বলা আছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসাবে ইসরায়েলও ফিলিস্তিন কর্তৃপক্ষকে পশ্চিম তীর ও গাজায় গেরিলা দমন করতে বলেছে।
হামাস গত জুনে গাজা দখল করে নেয়। এর পর থেকে গাজা একরকম বিচ্ছিন্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে অ্যানাপোলিসে আয়োজিত মধ্যপ্রাচ্য সম্মেলনের মধ্য দিয়ে ৭ বছর পর নতুন করে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর প্রথম বৈঠকের পর সোমবার ২য় দফা বৈঠক বসছে।
১২ ডিসেম্বরের বৈঠকে আব্বাস ইসরায়েলকে অধিকৃত অঞ্চলে নতুন বসতি না গড়ার দাবি জানান। এবার ২য় দফা বৈঠকের আগেই ইসরায়েল অধিকৃত অঞ্চলে নতুন ৭৪০ টি বসতি গড়ার পরিকল্পনা জানাল। তাদের এই পদক্ষেপ আলোচনার চেষ্টা নস্যাত করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়েদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ঘ.
bdnews24