ব্যাংকক, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে রোববারের সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সোমবার থেকেই সম্ভাব্য জোট সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দর-কষাকষি শুরু হয়েছে। রোববারের ওই নির্বাচনে ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রাপন্থি দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) সবচেয়ে বেশি আসনে বিজয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। অবশ্য, নির্বাচনী ফলাফলে এ বিষয়টি স্পষ্ট হয় যে, থাই জনগণ থাকসিনকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনীর অভ্যুত্থান মেনে নেয়নি।
পিপিপি সোমবার জানিয়েছে, জোট সরকার গঠনের মতো যথেষ্ট সমর্থন ছোট দলগুলোর কাছ থেকে তারা পেয়েছে। ব্যাংককে এক সংবাদ সম্মেলনে পিপিপির মহাসচিব সুরাপং সুয়েবঅংলি বলেন, "আমাদের আমন্ত্রণ কিছু দল গ্রহণ করেছে। এর ফলে জোট সরকার গঠনের জন্য পার্লামেন্টে আমাদের অর্ধেকের বেশি আসন হল।"
তবে কোন কোন দল তাদের সঙ্গে জোট বাঁধছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান। তার এ গোপনীয়তার ফলে একটি ধারণার সৃষ্টি হয়েছে যে, তার ঘোষণা নির্বাচনপূর্ব দর কষাকষি প্রক্রিয়ারই অংশ।
নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ৪৮০টি সংসদীয় আসনের মধ্যে পিপিপি ২৩২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি ১৬৫টি আসনে বিজয়ী হয়েছে।
নির্বাচনে পিপিপিকে থাকসিনের সমর্থকরা এবং বিরোধীরা ডেমোক্রেট পার্টিকে সমর্থন করায় জোট সরকার গঠনের বিষয়টি বেশ দীর্ঘায়িত ও জটিল হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন।
ব্যাংকক পোস্ট তাদের এক সম্পাদকীয়তে বলেছে, "বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা এখনও রয়েছে। সেনাবাহিনীসহ সব পক্ষকে অবশ্যই নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে।"
থাকসিনের প্রতিনিধি হিসাবে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপনকারী পিপিপি নেতা সামাক সুন্দরজেভ রোববারের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বলেন, নিশ্চিতভাবেই তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন। একইসঙ্গে তিনি জোট সরকার গঠনের জন্য তাদের সঙ্গে ছোট দলগুলোকে যোগদানের আহ্বান জানান।
তবে থাইল্যান্ডের সেনাবাহিনী এবং রাজকীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এ ফলাফল মেনে নিয়ে প্রতিনিধির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী থাকসিনকে পুনরায় ক্ষমতায় আসতে দেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেননা, থাকসিন শিবিরের অভিযোগ, এরাই থাকসিনকে ক্ষমতাচ্যুত করার ওই রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের নেপথ্য শক্তি হিসাবে কাজ করেছিল।
নির্বাচনে চার্ট থাই এবং পুয়েই পানদিন দল ৬৫টি আসন পেয়েছে। চার্ট থাই দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বানহার্ন শিল্পাচার্য জানিয়েছেন, তারা একত্রে কাজ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সময় নেবেন। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, ডেমোক্রেট পার্টির সঙ্গে জোট গঠনের বিকল্পও তারা হাতে রেখেছেন।
প্রসঙ্গত, নির্বাচনী জালিয়াতির অভিযোগে থাকসিনের থাই রক থাই পার্টিকে এ বছর নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া থাকসিন এবং তার দলের ১১০ জন সদস্যকেও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এমন পরিস্থিতিতে রোববারের পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের সমর্থকরা সমর্থন দেয় পিপিপিকে। তাদের আশা, পিপিপি ক্ষমতায় এলে তাদের নেতার দেশে ফেরার পথ পরিষ্কার হবে।
পিপিপির একজন সিনিয়র নেতা ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, ১৪ ফেব্র"য়ারি ভালবাসা দিবসে থাকসিনকে দেশে ফেরার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে।
৫৮ বছর বয়সী থাকসিন হংকং থেকে থাইল্যান্ডের নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এদিকে, কিছু বিশ্লেষক মনে করছেন, পিপিপির এ বিজয়ের ফলে থাইল্যান্ডে আবারও সেনা অভ্যুত্থান ঘটতে পারে। তবে আরও কিছু বিশ্লেষক মনে করছেন, থাইল্যান্ডের সেনাবাহিনী এবং রাজকীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ পিপিপি এবং তাদের সম্ভাব্য শরিকদের প্রার্থীদের বিষয়ে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনে সে জোট গঠন বন্ধে সব ধরনের চেষ্টা চালাতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তারা সাড়ে সাতশ' অভিযোগ পেয়েছে। তবে, কমিশন তার ১৫৭টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাছাড়া, এসব অভিযোগের কারণে প্রার্থীরা অযোগ্য ঘোষিত হতে পারেন কিনা সে বিষয়টিও পরিষ্কার নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২০ ঘ.
bdnews24