মোগাদিসু, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে রোববারের সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হয়েছে। সরকারি সেনা এবং তাদের মিত্র ইথিয়পিয়া সেনাদের ওপর গেরিলারা হামলা চালালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার ভোররাতে রাজধানীর উত্তর এলাকায় এ সংঘর্ষের শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে কামান এবং মেশিনগান দিয়ে গোলাগুলি হয়।
মোহামেদ আফরা নামের এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, "একটি মর্টার শেল ইয়কশিদের এক বাড়িতে আঘাত হানলে দুইজন মারা যায়। অপর এক বাসিন্দা ক্রসফায়ারে পড়ে মারা যায়।"
তিনি বলেন, আশপাশের এলাকায়ও বেশ কিছু মর্টার শেল আঘাত হানে। তবে তাতে শুধু জনশূন্য বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, মোগাদিসুর প্রধান হাসপাতাল 'মদিনা'র এক চিকিৎসক দাহির ধেরে বলেন, "গত রাতের সংঘর্ষে আহত দুইজনকে আমরা ভর্তি করেছিলাম। তাদের একজন ১৪ বছর বয়সী এক কিশোর কয়েক মিনিট আগে মারা গেছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৬৪১ ঘ.
bdnews24