২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার সঙ্গে নতুন জ্বালানি চুক্তি ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার কিউবার সঙ্গে নতুন জ্বালানি, কৃষি ও বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। এছাড়া, কিউবার তেল শোধনাগার সম্পর্কিত একটি চুক্তির মেয়াদও বাড়িয়েছেন তিনি। এর মধ্য দিয়ে কিউবার সঙ্গে সহযোগিতা আরও জোরাল করলেন শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

হাভানা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শনিবার কিউবার সঙ্গে নতুন জ্বালানি, কৃষি ও বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। এছাড়া, কিউবার তেল শোধনাগার সম্পর্কিত একটি চুক্তির মেয়াদও বাড়িয়েছেন তিনি। এর মধ্য দিয়ে কিউবার সঙ্গে সহযোগিতা আরও জোরাল করলেন শ্যাভেজ। ওয়াশিংটনের "সাম্রাজ্যবাদী" নীতির কট্টর সমালোচক এবং হাভানার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার নেতা শ্যাভেজের জ্বালানি চুক্তিগুলো কিউবার অর্থনীতিকে চাঙ্গা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সান্তিয়াগো ডি কিউবায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউবার বর্ষীয়ান নেতা ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রোর সঙ্গে অংশ নেন শ্যাভেজ। প্রসঙ্গত, ফুসফুসে অস্ত্রপচারের পর ছোট ভাই রাউলের কাছে সাময়িকভাবে কিউবার ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। আর গত ১৬ মাসেরও বেশি সময় ধরে জনসম্মুখে উপস্থিত হননি ফিদেল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে শ্যাভেজ তার প্রতিক্রিয়ায় বলেন, "আমরা একত্রে আছি এবং চিরদিন একত্রে থাকব। আমরা এ বিষয়ে সচেতন যে আমরা এক জাতি।" কিউবার সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হাভানায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে ফিদেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যাভেজ। অবশ্য, তাদের সে বৈঠকের কোনো ছবি প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ওপেক সদস্যভূক্ত এবং যুক্তরাষ্ট্রে অন্যতম প্রধান তেল রফতানিকারক দেশ ভেনেজুয়েলা কিউবাকে প্রতিদিন ৯২ হাজার ব্যারেল অশোধিত তেল রফতানি করে আসছে। বিনিময়ে কিউবা ভেনেজুয়েলাকে চিকিৎসা ও অন্যান্য সাহায্য দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১৪ ঘ.