ব্যাংকক, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে রোববার অনুষ্ঠিত নির্বাচনে ২০০৬ সালের সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রাপন্থি দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে। বুথফেরত দুটি সমীক্ষা সূত্রে একথা জানা গেছে।
প্রসঙ্গত, নির্বাচনী জালিয়াতির অভিযোগে থাকসিনের থাই রক থাই পার্টিকে এ বছর নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া থাকসিন এবং তার দলের ১১০ জন সদস্যকেও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এমন পরিস্থিতিতে রোববারের পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের সমর্থকরা সমর্থন দিয়েছেন পিপিপিকে। তাদের আশা, পিপিপি বিজয়ী হলে তাদের নেতার দেশে ফেরার পথ পরিষ্কার হবে।
৫৮ বছর বয়সী থাকসিন হংকং থেকে থাইল্যান্ডের নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
ব্যাংককের সুয়ান দুসিত কলেজ পরিচালিত বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, পিপিপি ৪৮০টি সংসদীয় আসনের ২৫৬টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে।
অন্যদিকে, অ্যাসাম্পশন ইউনিভার্সিটির এবিএসি বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, পিপিপি মাত্র ২০২টি আসনে বিজয়ী হয়েছে। যার অর্থ সরকার গঠন করতে হলে পিপিপিকে অবশ্যই ছোট কোনো দলের সঙ্গে জোট বাঁধতে হবে।
এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় সাড়ে চার কোটি। স্থানীয় সময় বিকাল তিনটা পর্যন্ত ভোটাররা ভোট দিয়েছেন।
নির্বাচনের প্রাক্কালে পিপিপি নেতারা বলেন, নির্বাচনে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেলে ১৪ ফেব্র"য়ারি থাকসিন মুক্ত হবেন। অবশ্য, ভালবাসা দিবসকে থাকসিনের দেশে ফেরার দিন হিসাবে বেছে নেওয়ার কোনো কারণ তারা ব্যাখ্যা করেননি।
পিপিপি নেতা সামাক সুন্দরাজেভ বলেন, তিনি নিশ্চিত ভোট তাদের পক্ষে যাবে।
সামাক বলেন, "থাকসিন তাদের জন্য যা করেছেন তা আজও তাদের হৃদয়ে রয়েছে। তারা তাকে নিয়ে ভাবছেন।"
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমঝোতা এ বিষয়টি নির্দেশ করছে যে এখনকার সবচেয়ে বড় দল পিপিপি অচিরেই ছোট কোনো দলের সঙ্গে জোট গঠন করতে সক্ষম হবে।
তবে থাইল্যান্ডের সেনাবাহিনী এবং রাজকীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ পিপিপি এবং তাদের সম্ভাব্য শরিকদের প্রার্থীদের বিষয়ে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনে সে জোট গঠন বন্ধে সব ধরনের চেষ্টা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫২৮ ঘ.
bdnews24